
সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন শনিবার। ঘড়িতে দুপুর ১২টা বাজতে কয়েক মিনিট বাকি। রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে আসেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পরে প্রথম সরকারি কর্মসূচি শেষে ফিরলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি হিসেবে দিনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে মন্ত্রী হিসেবে পাওয়া সরকারি এ বাসভবনে ফেরেন তিনি।
হেয়ার রোডের বাসভবন ঘিরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যের তৎপরতা দেখা গেছে। নিরাপত্তা জোরদার করতে দায়িত্ব পালন করছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরাও।
ভবনের প্রবেশমুখে অবস্থান করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। প্রবেশপথের বিপরীত দিকের ফুটপাতে নিরাপত্তা জোরদারের দায়িত্ব পালনে ছিলেন পুলিশের অন্য সদস্যরা, সংখ্যায় তাঁরা বেশি। আর স্পেশাল এসএসএফ ও পিজিআর সদস্যরা দায়িত্ব পালন করছেন বাসভবনে ফটকের ভেতরে। সেখানে রাষ্ট্রপতির কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারাও রয়েছেন। তবে তাঁদের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
মির্জা ফখরুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আগামীকাল রোববার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠার কথা রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পাওয়া বিশিষ্ট এই রাজনীতিবিদের।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন এ নির্বাচনে ভোট দেন।
নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। বিপুল ব্যবধানে নির্বাচিত হওয়ার পরদিনই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম।