জ্বালানি তেলের দাম নিয়ে তামাশা করছে সরকার: বাম গণতান্ত্রিক জোট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ডিজেলের দাম ৫ টাকা কমিয়ে ১০৯ টাকা করাকে ‘জনগণের সঙ্গে তামাশা’ বলেছে বাম গণতান্ত্রিক জোট। দাম বাড়ানোর আগে ডিজেলের দাম নির্ধারণ করার দাবি জানিয়েছে তারা। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি করে বাম গণতান্ত্রিক জোট।

গত রোববার ডিজেলে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। গতকাল সোমবার অকটেন, ডিজেল, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে কমানো হয়। এর আগে ৬ আগস্ট থেকে ডিজেল ও কেরোসিনের লিটারে ৩৪ টাকা, পেট্রল ৪৪ ও অকটেনে ৪৬ টাকা দাম বাড়ানো হয়েছিল। এরপর পরিবহন ভাড়া বেড়েছিল সর্বোচ্চ ২২ শতাংশ।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি, বিপিসির লোকসান এবং তেল পাচারের কথা বলে সরকার ৫ আগস্ট জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটিয়েছিল। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়িয়ে দিয়েছিল বাসসহ পরিবহন ভাড়া।

ফলে এই অজুহাতে দ্রব্যমূল্য আর এক দফা বাড়ানো হয়েছিল। বাম গণতান্ত্রিক জোট এর বিরোধিতা করে যুক্তিসংগতভাবে প্রমাণ করে দিয়েছিল দুর্নীতি, লুটপাট বন্ধ করলে তেলের মূল্যবৃদ্ধি করার তো কোনো কারণ নেই বরং আগের দামেই বিক্রি করা সম্ভব।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী এবং বিপিসির আর্থিক হিসাবের অসংগতি দূর করলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রয়োজন নেই। তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে জনগণের নৈতিক সমর্থন প্রমাণ করেছে, জনগণ এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি মানে না। জনমনের অসন্তোষকে প্রশমিত করার নামে গতকাল ডিজেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমানোর যে ঘোষণা সরকার দিয়েছে, তা জনগণের সঙ্গে তামাশা এবং ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধির নতুন পাঁয়তারা।

বিবৃতিতে বাম নেতারা বলেন, এই মূল্য কমানোর কারণে প্রকৃত অর্থে পরিবহনের ভাড়া কমবে না, অন্যান্য ক্ষেত্রেও বর্ধিত মূল্যও কমবে না। তার ফলে পরিবহন মালিক ও অন্যদের আয় কমবে না বরং সরকারের রাজস্ব কমবে মাত্র।

বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে পরিবহন, কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাতে বেশি ব্যবহৃত ডিজেলের দাম কমিয়ে আগের মতো ৮০ টাকা নির্ধারণ করার দাবি জানান হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

সিপিবির বিবৃতি

এক পৃথক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো ও কমানো নিয়ে সরকারের বর্তমান কার্যক্রম সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের মশকরা। তাঁরা বলেন, ‘আমরা সব সময় দেখে ও বলে আসছি, সরকারের জ্বালানি নীতি ও কৌশল ভুল, দুর্নীতিগ্রস্ত, লুটেরাবান্ধব।

সরকার জানে, জ্বালানির সঙ্গে দেশের অর্থনীতি-দ্রব্যমূল্য-খাদ্য নিরাপত্তার নিবিড় সম্পর্ক আছে। তারপরও সরকার এই খাতে সিদ্ধান্ত নেওয়ার সময় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নেয়নি।

সিপিবির দুই নেতা তেলের দাম কমানো, জনবান্ধব জ্বালানি নীতি গ্রহণ, জ্বালানি খাতের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা বন্ধ করার দাবি জানান।