
একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান। তাঁর মতে, মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে গায়ের জোরে একতরফা নির্বাচন করলে বড় ভুল করবে সরকার।
আজ রোববার বিকেলে রাজধানীতে এক সমাবেশে মজিবুর রহমান এসব কথা বলেন। সরকার পতনের দাবিতে চতুর্থ দফা অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এবি পার্টির বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
মিছিলটি রাজধানীর কাকরাইল, বিজয়নগরসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে বিজয়-৭১ চত্বরে শেষ হয়। সেখানে তাঁরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে মজিবুর রহমান বলেন, অতীতে স্বৈরশাসকেরা জনবিচ্ছিন্ন হয়ে একতরফা নির্বাচন করেছিল। সেসব নির্বাচনের আগে বিরোধী দলকে দমন–নিপীড়ন করে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এর মাধ্যমে স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি।
গতকাল শনিবার আন্দোলনরত জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা ও আজ জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলামকে সাদাপোশাকে ডিবি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন মজিবুর রহমান। তিনি বলেন, গত কয়েক দিনে বিরোধী দলের ১০ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে। এসব গ্রেপ্তার ও আটকের নিন্দা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়, সরকার অস্থির হয়ে গেছে।