
আগামীকাল রোববার মহানগর, জেলা ও উপজেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এ ঘোষণা দিয়েছেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আজ শনিবার আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে এ ঘোষণা দেন ওবায়দুল কাদের।
আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ ছিল। সমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংকের এলাকায়ও হয়। পরে তা শান্তিনগরেও ছড়িয়ে পড়ে। বিজয়নগর ও শান্তিনগরে থেমে থেমে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ চলে।
বিএনপি রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ায় সমাবেশ পণ্ড হওয়ার আগমুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই ঘোষণা দিয়েছিলেন।
বিএনপির ডাকা হরতালের বিরোধিতা করে ওবায়দুল কাদের সমাবেশে বলেন, নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। হরতাল যে অস্ত্র, তা ভোঁতা হয়ে গেছে। এ অস্ত্র কোনো কাজ হবে না।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপে হামলা হয়। বিএনপি নেতা-কর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করে আওয়ামী লীগ।
হামলাকারীরা বাসটি ভাঙচুর করেন। ঘটনাস্থলে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানান, হামলা শুরু হলে বাস ও পিকআপ থেকে নেমে দৌড়ে স্থান ত্যাগ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় তাঁদের লাঠি হাতে ধাওয়া দেন বিএনপির কর্মীরা। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত পুলিশ সদস্যরা বিএনপির কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আজ বিকেল চারটার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওবায়দুল কাদের আজ বলেন, যারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, পুলিশকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের ছাড় দেওয়া হবে না।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যে নোংরা খুনি সন্ত্রাসী দল, তাদের সেই পুরোনো চেহারা আবার জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, আজ থেকে প্রধান কাজ হবে বিএনপি-জামায়াতকে প্রতিহত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। যত চেষ্টা হোক, অনির্বাচিত সরকার কেউ আনতে পারবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দীন বলেন, হরতালের ভয় দেখিয়ে লাভ নেই। মানুষ এই হরতাল মানে না। নিজেরা নিজেরা মারামারি করে, পুলিশের ওপর হামলা করে ১৫ মিনিটে নয়াপল্টন সাফ হয়ে গেছে। এ ধরনের নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগকে মোকাবিলা করা সম্ভব নয়।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ১৫ মিনিটে নয়াপল্টন ফাঁকা হয়ে গেছে। তারা (বিএনপি) বলেছিল, মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে বিদায় করবে। যাদের ১৫ মিনিট থাকার মুরদ নেই, তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা বলে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির বলেন, বিএনপি কথা দিয়েছিল, তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে। আজ তাদের হামলায় ৪১ জন পুলিশ আহত হয়েছে, রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে। সাপকে বিশ্বাস করা যায়, বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না। সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে জাহাঙ্গীর কবির প্রশ্ন রাখেন, ‘হরতাল মানেন?’ নেতা-কর্মীরা তখন ‘না’ বলে জবাব দেন। নেতা-কর্মীদের তিনি বলেন, ‘আপনারা স্লোগান দিতে দিতে যাবেন—সন্ত্রাসীদের হরতাল মানি না, মানব না।’
আবদুর রহমান বলেন, একটি গোষ্ঠী দেশে অশান্ত পরিবেশ করার জন্য বহুদিন ধরে পাঁয়তারা করছে। নির্বাচন ভন্ডুল করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি শক্তির ওপর ভর করেন না। অন্যদিকে বিএনপি তাদের পরবর্তী কর্মসূচি দেওয়ার জন্য আমেরিকান ক্লাবে ঢুকেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি প্রধান বিচারপতির বাসভবনে, পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে। একজন নিরীহ পুলিশ সদস্যকে হত্যা করেছে। এই অবস্থায় রাষ্ট্রযন্ত্র বসে থাকতে পারে না। পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। যারা হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসী। সন্ত্রাসীদের নেতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বিএনপি-জামায়াত পালিয়ে গেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, আকাশে কিছু চিল উড়ছে। আর কিছু নেই। তারা নাকি আন্দোলন করবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী। সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিএনপি প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী দল। তারা শান্তি চায় না। তারা অশান্তি সৃষ্টি করতে চাইলে তাদের রাজপথে মোকাবিলা করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বিএনপি-জামায়াত আঘাত করেছে। হরতাল হতে দেওয়া হবে না। প্রতিটি মোড়ে, মহল্লায় দুর্গ গড়ে তোলা হবে। হরতাল প্রতিরোধ করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের আবু আহমেদ মান্নাফী। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য দেন।