
জুলাই হত্যাকাণ্ডের বিচার, জননিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ এবং ফারাক্কা পানিচুক্তি নবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম মিলনায়তনে সংগঠনটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মুহাম্মদ। সভায় দেশের চলমান সহিংস পরিস্থিতি, পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলন ও ফারাক্কা পানিচুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
সভায় বলা হয়, জুলাই হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত না করে গণহারে মামলা ও নিরীহ মানুষকে গ্রেপ্তারের মাধ্যমে সন্ত্রাসীদের উৎসাহিত করা হচ্ছে। একদিকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, অন্যদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলা, অগ্নিসংযোগ ও প্রতিশোধমূলক ঘটনা ঘটছে। এতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। বক্তারা সহিংসতায় জড়িত সবার বিচার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার দাবি জানান।
পোশাকশ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের জোর দাবি জানানো হয় সভায়। একই সঙ্গে মজুরি বৃদ্ধির আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের ওপর পুলিশি হয়রানি, নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেপ্তার বন্ধসহ আটক শ্রমিকদের মুক্তির দাবি করা হয়। এ ছাড়া সরকার ঘোষিত ধানের দামকে অযৌক্তিক আখ্যা দিয়ে কৃষকদের জন্য ফসলের ন্যায্য দাম নির্ধারণের দাবি জানান বক্তারা।
সভায় আরও বলা হয়, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা পানিচুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে; কিন্তু চুক্তিটি নবায়নে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। জাতীয় স্বার্থ সমুন্নত রেখে দ্রুত এ চুক্তি নবায়নের দাবি জানানো হয়। সভায় বক্তব্য দেন চিকিৎসক হারুন উর রশীদ, নাজমুস সাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীমউদ্দীন খান, সাংস্কৃতিক কর্মী একরাম হোসেন, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান প্রমুখ।