নয়াপল্টনে আজ শনিবার বেলা আড়াইটার একটু আগে বিএনপির শোভাযাত্রা বের হয়
নয়াপল্টনে আজ শনিবার বেলা আড়াইটার একটু আগে বিএনপির শোভাযাত্রা বের হয়

বিএনপির বিজয় দিবসের শোভাযাত্রা শুরু

মহান বিজয় দিবসের শোভাযাত্রা শুরু করেছে বিএনপি। আজ শনিবার বেলা আড়াইটার একটু আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছে।

শোভাযাত্রায় ‘দিয়েছি তো আরও দেব রক্ত’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ এরকম  নানা স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঈন খান বলেন, ‘বিজয় দিবসকে আওয়ামী লীগ সরকার পরাজয় দিবসে পরিণত করেছে।’

বিএনপির শোভাযাত্রা  কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা পর্যন্ত গিয়ে শেষ হবে। বিএনপির সূত্র জানিয়েছে, বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তারভীতি কাটাতে চান নীতিনির্ধারকেরা। এর আগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপি সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করে। ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার ৪৩ দিন পর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনে কয়েক হাজার নেতা-কর্মী জমায়েত হন।

নয়াপল্টনে আজ শনিবার বেলা আড়াইটার একটু আগে বিএনপির শোভাযাত্রা বের হয়

আজ বিজয় শোভাযাত্রায় আরও বেশি নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের শোভাযাত্রায় থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর, নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের কয়েকটি জেলা ও মহানগর থেকেও নেতা-কর্মীরা যোগ দিতে পারেন।