গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে বাসদের প্রতিবাদ

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, দাম সমন্বয়ের নামে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের জীবনকে আরও ভোগান্তির মধ্যে ফেলবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সাল থেকে সমন্বয়ের নামে পর্যায়ক্রমে ১৫ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। সর্বশেষ গত বছর ২৮ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

ডলারের সঙ্গে টাকার মূল্যমান হ্রাসের যে অজুহাত দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে বজলুর রশীদ বলেন, আমদানি–রপ্তানির নামে ডলার পাচার, ব্যাংকের টাকা আত্মসাতের সঙ্গে সাধারণ মানুষ জড়িত নয়। অথচ এর দায় বহন করতে হচ্ছে সাধারণ মানুষকেই। ২০০ ইউনিটের নিচে ৩৪ পয়সা এবং বেশি ব্যবহারকারীদের ৭০ পয়সা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ যেমন বাড়াবে, তেমনি সরকার ও লুটপাটকারীদের দায় এড়ানোর পথ তৈরি করবে।

বিবৃতিতে এই নেতা বলেন, ‘আমরা বহু দিন থেকে বলে আসছি, বিদ্যুৎ ও জ্বালানীখাতসহ অন্যান্য ক্ষেত্রে চলমান দুর্নীতি ও অপচয় রোধ করলে এবং তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন না করে গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে বিদ্যুতের দাম না বাড়িয়েও কম দামে বিদ্যুৎ দেওয়া সম্ভব।’ বিবৃতিতে তিনি বিদ্যুৎসহ জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নাগরিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।