
নাজিম উদ্দিন আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জ থেকে এসেছেন সাইনবোর্ড এলাকায়। তিনি যাবেন যাত্রাবাড়ী। কোনো যানবাহন না পেয়ে হাঁটা শুরু করেন তিনি। যাত্রাবাড়ীর রায়েরবাগে তাঁর সঙ্গে দেখা হয়। রায়েরবাগ থেকে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি তো ভাবিনি কোনো বাস পাব না। সাইনবোর্ডে নামার পর দেখছি কোনো বাস নেই। তাই সাইনবোর্ড থেকে হাঁটা শুরু করেছি, যাত্রাবাড়ীতে যাব।’
কেবল নাজিম উদ্দিন নন, তাঁর মতো অনেক পথচারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন না পেয়ে হাঁটা শুরু করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও যাত্রাবাড়ীর মাদ্রাসা রোডে র্যাব ও পুলিশের ব্যাপক তল্লাশি চলছে। সকাল থেকেই র্যাব ও পুলিশের টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আসা বাসগুলো থামিয়ে তল্লাশি করছে।
এ ছাড়া যাত্রাবাড়ী ও সায়েদাবাদে পুলিশের উপস্থিতি রয়েছে। এসব জায়গায় পুলিশের সাঁজোয়া যান রয়েছে।
সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ ঘুরে দেখা গেল, সড়কে বাস একেবারেই কম। লোকজন সব হেঁটে চলাচল করছে।
ফেনী থেকে বাসে করে ঢাকা আসছিলেন মোহাম্মদ আলম ও নুরুল হুদা। তবে যাত্রাবাড়ীর মাদ্রাসা বোর্ড এলাকায় আসার পর তাঁদের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পরে তাঁদের প্রত্যেকের মুঠোফোন চেক করা হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের গাড়ি থেকে নামিয়ে দেয়।
নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমি একজন প্রবাসী। চিকিৎসক দেখানোর জন্য আজ আমি ঢাকার উদ্দেশে রওনা দিই। কিন্তু কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত অন্তত পাঁচটি জায়গায় পুলিশ আমাদের গাড়ি তল্লাশি চালিয়েছে। ব্যাগ খুলতে খুলতে আমি হয়রান। আমার মোবাইল ফোনও তল্লাশি করা হয়েছে।’
আর মোহাম্মদ আলম প্রথম আলোকে বলেন, ‘কল্পনাও করিনি পুলিশ এভাবে আমাদের গাড়ি তল্লাশি করবে। এখন তো আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল। এখন কোনো গাড়ি পাচ্ছি না। এত পথ কীভাবে হেঁটে যাব? এই হয়রানি আর ভালো লাগছে না।’
যাত্রাবাড়ী থেকে গাবতলী যাবেন রাজমিস্ত্রি কামাল ও রাব্বি। সকাল ১০টার সময় যাত্রাবাড়ী মোড়ে আসার পরও তাঁরা কোনো বাস পাননি। পরে কামাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়ি নাটোরে। ঢাকায় রাজমিস্ত্রির কাজ শেষে আজ বাড়ি যাওয়ার উদ্দেশেই যাত্রাবাড়ী মোড়ে আসি। আমরা এখন যাব গাবতলী, কিন্তু বাস পাচ্ছি না।’