ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় বাঞ্ছারামপুরের জনগণের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি। আজ শুক্রবার গণমাধ্যমে দলটির পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা একটি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, যুগপৎ আন্দোলন ও একটি রক্তক্ষয়ী গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ন্যায়বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার আন্দোলনের ধারাবাহিকতাতেই এই নির্বাচনে অংশ নিয়েছি। আজ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধ ও এ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের।’
এতে আরও বলা হয়েছে, এই নির্বাচন ছিল বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত এক নির্বাচন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সারা দেশের ভোটাররা। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল নির্বাচন সফল করতে দৃঢ় ভূমিকা রেখেছে। কিছুটা সীমাবদ্ধতার পরও অন্তর্বর্তী সরকার সফলভাবে নির্বাচন সম্পন্ন করেছে। নির্বাচন কমিশনও যথাযথভাবে তাদের ভূমিকা পালন করেছে। তাই সংশ্লিষ্ট সবার প্রতি প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায় গণসংহতি আন্দোলন।
নির্বাচনে সারা দেশে যুগপৎ আন্দোলনের শরিকদের বিজয় জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নসহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সেখানে জোনায়েদ সাকি বলেছেন, ‘আমরা আশা করি, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে আমাদের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আগামীতেও দেশের স্বার্থের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।’
বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে আগামী দিনেও জনগণ গণসংহতি আন্দোলনকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।