
রাজধানীর উত্তরায় প্রাইভেট কারে গার্ডার পড়ে এবং চকবাজারে ভবনে অগ্নিকাণ্ডে কয়েক জন মানুষের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
তাঁরা বলেছেন, উত্তরার গার্ডার দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। যাদের দায়িত্বহীনতা আর গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জাসদ নেতারা বলেন, পুরান ঢাকায় একের পর এক অগ্নিদুর্ঘটনায় মানুষের করুণ মৃত্যুর ঘটনা ঘটে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দুর্ঘটনা এড়ানোর জন্য এখন পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। বরং পুরান ঢাকার বহু এলাকারই এখন পর্যন্ত অগ্নিদুর্ঘটনার মৃত্যু ফাঁদ হিসেবে রয়ে গেছে। পুরান ঢাকাসহ অগ্নিদুর্ঘটনার ফাঁদসমূহ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।