
বিএনপির নেতা–কর্মীদের আটক করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে পাবনায় কারাগার নির্মাণের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বিএনপি যখন তখন, যা খুশি তাই বলেছে। আমরা বুঝেছি, যে পাগলে কিনা করে, ছাগলে কিনা খায়। এখন দেখছি পাগলকে বাঁধতে হবে। পাগলের বাড়াবাড়ি বেশি হয়ে গেছে। এদের পাবনায় না পাঠানো পর্যন্ত মানুষ নিরাপদ না।’
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপি নেতাদের মিথ্যাচার বক্তব্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
আলোচনা সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘মানুষের জন্য আমরা রাজনীতি করি। মানুষ যদি নিরাপদ না থাকে, তাহলে মানুষ আমাদের ওপর আস্থা হারিয়ে ফেলবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব পাবনায় ১০টা কারাগার-পাগলাগারদ বানাতে। এদের আটকে রাখার জন্য। তাহলে মানুষ নিরাপদে থাকবে।’
নির্বাচন না করে ক্ষমতায় আসা যাবে না—বিএনপির উদ্দেশে এ মন্তব্য করে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমরা অনেক ধৈর্য ধরেছি। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বিএনপি যদি এই নির্বাচনের বাস মিস করে, তবে তারা হারিয়ে যাবে।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘বিএনপির অভিযোগ, তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয় না। কিন্তু তারা প্রতিদিন কথা বলে। তারা মিথ্যা কথা বলায় বিশ্ব চ্যাম্পিয়ন। সন্ত্রাসের সব ধরন তাদের মধ্যে আছে।’
এদিকে আলোচনা সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফারাক্কা বাঁধ, সিটমহল সমস্যা সমাধান করেছে আওয়ামী লীগ সরকার। বন্ধুদেশের সঙ্গে সম্মানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হচ্ছে; কোনো নতজানু পরাষ্ট্রনীতিতে নয়। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে।’
কামরুল ইসলাম বলেন, ‘জনগণ সচেতন, তারা বিভ্রান্ত হবে না। বিশ্বে তিন বছর করোনা মহামারি, যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল অবস্থা। বাংলাদেশও এর বাইরে নয়। উন্নত দেশগুলোতে যে সমস্যা রয়েছে, তার ছায়া বাংলাদেশ পড়বে। এর মধ্যেও বাংলাদেশ করোনা মোকাবিলায় সফলতা দেখিয়েছে। বৈশ্বিকভাবে মানুষ কষ্টে আছে। শিগগিরই সমস্যা দূর হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে।’
কামরুল ইসলাম আরও বলেন, ‘মানুষ জানে দেশের বাইরের কী অবস্থা। তারপরও বিএনপি বিভ্রান্তি আর মিথ্যাচার বন্ধ করছে না। এটিই তাদের পুঁজি। এখন আবার তারা পথ বেছে নিয়েছে সন্ত্রাসের। জনগণের প্রতি তাদের আস্থা নেই।’
সভায় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন কামরুল ইসলাম। তিনি বলেন, সংবিধানের বাইরে তাদের মনমতো কোনো কিছুই হবে না। কোনো সমঝোতার সুযোগ নেই। সংবিধানে যেভাবে আছে, সেভাবেই ভোট হবে।
সংগঠনের সভাপতি শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহিলাবিষয়ক সম্পাদক সাদিয়া শারমিন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তালুকদার সারোয়ার হোসেন প্রমুখ।