
তিন দিনের অবরোধের তৃতীয় ও শেষ দিনে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনগুলো।
গত মঙ্গলবার থেকে সারা দেশে তিন দিনের টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তাদের সমমনা রাজনৈতিক দল ও জোট একই কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া জামায়াতে ইসলামীও পৃথকভাবে তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সকালে খিলগাঁও থানার সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সংসদের এক নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে পিকেটিং করেন নেতা-কর্মীরা।
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নিউমার্কেট-ধানমন্ডি থানা শাখার নেতৃত্বে ল্যাবএইডের পাশে ও গ্রিন রোডে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে।
সকাল আটটার দিকে ধানমন্ডির রাইফেল স্কয়ারের পাশ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ধানমন্ডি ২ নম্বর সড়ক পর্যন্ত যান ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে ছাত্রসংগঠনটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা যোগ দেন।
অবরোধের সমর্থনে সকালে স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা (মহানগর দক্ষিণ শাখা) শান্তিনগর থেকে রাজারবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। পরে রাজারবাগ পুলিশ লাইনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।