
বিএনপির আগামীকালের (২৮ অক্টোবর) মহাসমাবেশ নিয়ে আওয়ামী লীগ কোনো চাপে নেই বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি অনেক দিন ধরে ক্ষমতায় নেই। তাদের অন্তরে ক্ষমতার ক্ষুধা। এই ক্ষুধা মেটাতে তারা মরণকামড় দিতে চায়।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আগামীকাল ২৮ অক্টোবর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ এবং সাম্প্রতিক বিষয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির মহাসমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো চাপে নেই, তবে জনগণ নাশকতার ভয় পাচ্ছে। কারণ, বিএনপি-জামায়াতের অতীত তা–ই বলে। ২০১৪ ও ২০১৫ সাল ভুলতে পারি না৷ বিএনপি-জামায়াতের কাজ আগুন–সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা। এখনো তারা বাস পোড়ায়, প্রধানমন্ত্রীর উদ্বোধন করা মাইলফলক পোড়ায়।’
ওবায়দুল কাদের বলেন, এরাই (বিএনপি-জামায়াত) ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে অগ্নিসংযোগ ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করেছে। এই স্বাধীনতাবিরোধী অপশক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রধান অন্তরায়। এই অপশক্তিকে বারবার মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া উচিত নয়। এই অপশক্তির চিরতরে অবসান ঘটাতে হবে। সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা–কর্মীরা বেঁচে থাকতে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে দেব না, এটা আমাদের প্রতিজ্ঞা। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না।’
ওবায়দুল আরও কাদের বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দেবেন, তাঁরা শান্তির পক্ষে। অপর দিকে বিএনপি–জামায়াত অশান্তি করছে, শান্তিপূর্ণ উপায়ে তাঁরা তার জবাব দিচ্ছেন।
নেতা–কর্মীদের সতর্ক পাহারায় থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এদের দুরভিসন্ধি আছে। সাম্প্রদায়িক আরও দু-একটা শক্তিকে নিয়ে তারা অপকর্ম করতে চাইবে। ফখরুল শান্তিপূর্ণ বলেছে, সেটা কথার কথা নয়, কাজে দেখাতে হবে।’
আওয়ামী লীগ অশান্তি করতে চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ক্ষমতায়। আমাদের দ্বারা অশান্তি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। অশান্তি তারা চায়, যারা পরিবেশ নষ্ট করতে চায়। এদের মতলব সম্পর্কে সতর্কতা প্রয়োজন।’
আওয়ামী লীগ ভয় পাবে কেন—সে প্রশ্ন তুলে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আইআরআই একটা সমীক্ষা করেছে, সেই সমীক্ষায় ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রাখে। নির্বাচন নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছু নেই।’
আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মরতে হয় মরব, তবু মাঠ ছাড়ব না। এই যুদ্ধ আমাদের সবার। আরেক মুক্তিযুদ্ধ মনে করে মাঠে থাকতে হবে। এটাতে জিততে পারব যদি ঐক্যবদ্ধ থাকতে পারি।’
বিএনপির নেতা-কর্মীরা বসে পড়তে পারে বলে আলোচনা আছে—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বসে পড়লে, বসে পড়বে। তাতে আমাদের কী? নগরীতে লোকজনকে চলাচল করতে দেবে না। একবার তো ঢাকার প্রবেশমুখে বসতে গিয়েছিল। কী হয়েছিল মনে নাই? একজন ডিবি অফিসে গিয়ে কোরাল মাছের ঝোল খেল। আরেকজন প্রধানমন্ত্রীর পাঠানো জুস খেয়ে ধন্যবাদ দিল।’
আজকেও একটা ভুয়া ‘প্রেস রিলিজ’ ছড়ানো হয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেবের সব খেলা ধরে ফেলি। কী করবে, টেমস নদীর পাড় থেকে ধমক খায়। মাঝে মাঝে নার্ভাস দেখা যায়।’ এ সময় আওয়ামী লীগের সমাবেশের মঞ্চ করার অনুমতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল মিথ্যাচার করেছেন। সরকার নাকি আমাদের অনুমতি দিয়েছে, মঞ্চ করছি। পুলিশ যখন অনুমতি দেবে, আমরা তখনই মঞ্চ করব।’
বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কর্মী হত্যা মামলায় খোকনকে (নরসিংদী বিএনপির আহ্বায়ক খায়রুল কবির) গ্রেপ্তার করা হয়েছে। অথচ অভিযোগ করছে, রাজনৈতিক কারণে গ্রেপ্তার। তাহলে কি আপনাদের কর্মী হত্যার বিচার হবে না? এ ক্ষেত্রে সরকার তো আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও ছাড় দেয়নি। অপরাধ করলে শাস্তি পেতেই হবে।’
নির্বাচনের অনুকূল পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনো বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বক্তব্য নিয়ে গোটা নির্বাচন নিয়ে চিন্তার সুযোগ নেই। একটা বিষয়ে একেকজন একেক ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারে। নির্বাচন হবে না বা নির্বাচন নিয়ে তাদের ভিন্ন চিন্তা আছে, এমন তো বলেনি। এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি করা ঠিক হবে না। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। কোনো সংশয় নেই।
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বিতর্কিত করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছেন আদালত। এ ব্যবস্থা নিয়ে আমরা ফাইট (আন্দোলন) করেছিলাম। কিন্তু এই ব্যবস্থাকে বিতর্কিত করেছে তারা। বিচারপতি খায়রুল হক সংবিধানকে কচুকাটা করেননি, বরং সঠিক জায়গায় পুনঃস্থাপন করেছেন।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, খায়রুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।