বাংলাদেশ নির্বাচন কমিশন
বাংলাদেশ নির্বাচন কমিশন

ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার উপনির্বাচনে ভোট গ্রহণের সময় শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।

ইসি সচিব জানান, বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সবাই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট পড়ার হার সম্পর্কে ইসি সচিব বলেন, বেলা দুইটা পর্যন্ত তাঁরা যে তথ্য পেয়েছেন, সে অনুযায়ী তখন পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৪৮ শতাংশ। বিকেল চারটা পর্যন্ত হিসাবে ভোটের পরিমাণ আরও বাড়বে। ভোট গণনা শেষ হলে ভোট পড়ার প্রকৃত হার বলা যাবে। তিনি বলেন, ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। গণনা শেষ হওয়ার পর ফলাফল পাওয়া গেলে তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।

নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এমন কোনো খবর আমরা সকাল থেকে এখন পর্যন্ত পাইনি। আমি বিশ্বাস করি, আপনাদের কাছে এমন কোনো খবর নেই, যেটা আমাদের উদ্বিগ্ন করতে পারে। কাজেই আমরা শান্তিপূর্ণ পরিবেশে সবার সহযোগিতায় একটা ভালো নির্বাচন সম্পন্ন করলাম।’

নির্বাচন কমিশন সন্তুষ্ট কি না, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘অবশ্যই সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। সন্তুষ্ট না হওয়ার কোনো কারণ আছে কি?’

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও–১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮।

নির্বাচনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। স্থানীয় ভোটারদের অনেকে মনে করছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে।