ইসলামপন্থী চারটি দলের সমন্বয়ে গঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক। ঢাকা, ৪ আগস্ট
ইসলামপন্থী চারটি দলের সমন্বয়ে গঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক। ঢাকা, ৪ আগস্ট

ইসলামপন্থী চার দলের বৈঠক

জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান

জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামপন্থী চারটি দলের সমন্বয়ে গঠিত লিয়াজোঁ কমিটি। বৈঠকে ইসলামী ঐক্য সুসংহত করা, ঐক্যের কলেবর বড় করা এবং ঐক্য প্রক্রিয়াকে গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব আহমাদ আবদুল কাদের ও যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাউয়ুম।