আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনা অনুযায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন সালাহউদ্দিন আহমদ
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারে নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও অভিযোগপত্র দেওয়া হবে। এরপর আদালত আইনানুগভাবে বিচার পরিচালনা করবেন।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত শাসকেরা আর রাজনীতিতে ফিরে আসতে পারেননি। পতিত ফ্যাসিবাদী শক্তিও বাংলাদেশে ফিরতে পারবে না।

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান রয়েছে। গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ ও সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুসারে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিচার হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানের মুখে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত ও আহতদের ত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে। যাঁরা এখনো আহত অবস্থায় আছেন, পঙ্গুত্ববরণ করেছেন কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাঁরা এই অভ্যুত্থানের বেদনা ও অর্জন জানেন। এ দেশের রাজনীতিতে পতিত শক্তি আর গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান আরও বিপদগ্রস্ত করেছে। কেউ কেউ তাদের ফাঁদে পড়ে বিভ্রান্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

সরকার রক্তপাত চায়নি

গণতান্ত্রিক আচরণ ও ধৈর্য ধারণের কারণে বিএনপি সরকার দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার কোনো রক্তপাত চায়নি। ধৈর্য ও গণতান্ত্রিক আচরণের কারণে বিএনপির আত্মত্যাগ ও ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার প্রয়োজন হলে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার এ অবস্থান আগেই ঘোষণা করেছে। সরকার গণতান্ত্রিক আচরণ করবে বলে অঙ্গীকারাবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে প্রতিষ্ঠান শক্তিশালী করা হবে

আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের চর্চা ছিল না বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, দলটি স্বাধীনতার পর থেকেই একনায়কতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক প্রবণতা দেখিয়েছে। একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়েও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। জনগণের দীর্ঘ আন্দোলন সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

বিএনপির নেতৃত্বে দেশে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে একবার বেগম খালেদা জিয়া, আরেকবার তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। তাঁদের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মুক্ত হয়েছিল।

বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক চর্চা করার অঙ্গীকার করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চায়। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে। যাতে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান ও পুনরুত্থান না ঘটে। এ প্রতিজ্ঞা বিএনপি ও দেশের জনগণের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আগামী বিজয়ের মাসের কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ১ ডিসেম্বর থেকে গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে। এরপর ধাপে ধাপে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চলবে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এসব কর্মসূচিতে অংশ নেবেন এবং নেতা-কর্মীদের অনুপ্রাণিত করবেন বলে জানান তিনি।