ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মতিঝিল, ঢাকা; ৯ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মতিঝিল, ঢাকা; ৯ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতি ও আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় নয়: তারেক রহমান

জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দুর্নীতি ও আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় (কম্প্রোমাইজ) না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলের পীর জঙ্গি মাজার রোডে আয়োজিত নির্বাচনী সমাবেশে তারেক রহমান এ ঘোষণা দেন। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে দুর্নীতি করে, সে দুর্নীতিবাজ, সে কোনো দলের নয়। যে আইনশৃঙ্খলা ভঙ্গ করে, মানুষকে কষ্ট দেয়, সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজেই আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে।

তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর দেশের বিভিন্ন জায়গায় মেগা মেগা প্রজেক্ট (বড় বড় প্রকল্প) হয়েছে। মেগা প্রজেক্টের নামে দেশ থেকে প্রতিবছর ১৬ বিলিয়ন (১,৬০০ কোটি) ডলার পাচার করা হয়েছে। অর্থাৎ মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি হয়েছে। এতে হাতে গোনা কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

এ ক্ষেত্রে বিএনপির সিদ্ধান্তের কথা জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, ২০০১ সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন, ঠিক একইভাবে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। কারণ, বিএনপিই একমাত্র দল, তারা জানে কীভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়।

বক্তৃতার মঞ্চে বড় বড় কথা বলে হাততালি পাওয়া সহজ হলেও দেশ চালানো সহজ কাজ নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে বলেন, দেশ চালাতে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি?

সমাবেশে তারেক রহমান এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ঘোষণা দেন। এ বিষয়ে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে জানিয়ে তিনি বলেন, দেশের বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে। বিদেশের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হবে। মিল-কারখানা তৈরির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা হবে।

প্রতিটি জেলায় এবং ঢাকা মহানগরে বেশ কয়েকটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট এবং আইটি (তথ্যপ্রযুক্তি) সংক্রান্ত ইনস্টিটিউট তৈরি করা হবে বলেও জানান বিএনপির চেয়ারম্যান।

সমাবেশে ওই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক।