ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম

খাগড়াছড়িতে আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

আজ রোববার ভোররাত সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দিবাগত রাত তিনটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সারা দেশের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সাদিক কায়েমের পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখেন। পরে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থলে কেরোসিন পড়ে থাকতে দেখেন তাঁরা।

সাদিক কায়েমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।’

ঘটনার সময় বাড়িতে তাঁর মা–বাবা অবস্থান করছিলেন বলে পোস্টে উল্লেখ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী সাদিক কায়েম। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। তাঁর মা–বাবা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।’

সাদিক কায়েম আরও লিখেছেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসরেরা ভেবেছে, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবার এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড তাঁদের দমাতে পারবে না। বরং তাঁদের লড়াইকে আরও দৃঢ় করবে।’

গোলাম পরওয়ারের নিন্দা 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।