
সারা দেশে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিতে সমর্থন জানিয়ে ‘প্রতিবাদী অবস্থান কর্মসূচি’ পালন করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। কর্মসূচি চলাকালে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বিজয়নগর-পল্টন সড়কে এবি পার্টির প্রতিবাদী অবস্থান কর্মসূচি হয়। পুলিশের বাধার প্রতিবাদে মৌন মিছিল করেন দলটির নেতারা। পরে বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, অবরোধ ডেকেছে বিএনপি। কিন্তু রাজপথে আওয়ামী লীগ-ছাত্রলীগের সশস্ত্র মহড়া দেখে মনে হচ্ছে, অবরোধটা তাদের। শুধু তা–ই নয়, সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে। এর পরিণতি হবে মারাত্মক। তিনি সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, ফেরদৌসী আক্তার, সুমাইয়া শারমিন প্রমুখ।
বিএনপি আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। জামায়াতে ইসলামীও অবরোধের ঘোষণা দিয়েছে।