ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ‘দুপুর পর্যন্ত আমরা ভোটারদের মধে৵ যথেষ্ট উদ্দীপনা দেখছি। আমরা চাই, বিকেল পর্যন্ত এই উৎসাহ বজায় থাকুক।’
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোট পরিদর্শনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাভুটি নিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।
সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হলে সহকর্মীদের নিয়ে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউইওএম) প্রধান ইভার্স ইজাবস।
ইভার্স ইজাবস বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। সারা দেশে মোতায়েন করা পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রতিবেদন ও তথ্য পাচ্ছি।
ইইউইওএম প্রধান বলেন, ‘বাংলাদেশের এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন সারা দেশে ২০০ জনের বেশি পর্যবেক্ষক মোতায়েন করেছে। আমরা নিবিড়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করছি এবং বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি।’
ইভার্স ইজাবস বলেন, ‘আমরা পুরোপুরি নিরপেক্ষভাবে কাজ করছি। আমরা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছি না। আমরা শুধু নির্বাচন পর্যবেক্ষণ করছি এবং ১৪ ফেব্রুয়ারি এই নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে, তা নিয়ে আমাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয় আজ সকাল সাড়ে সাতটায়। বেলা ১২টা পর্যন্ত প্রায় ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ তথ্য অবশ্য ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রের। দেশের মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯।