সাঈদ উদ্দিন আহমাদ হানজালা মাদারীপুর-১ আসনে (শিবচর) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন
সাঈদ উদ্দিন আহমাদ হানজালা মাদারীপুর-১ আসনে (শিবচর) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন

মাদারীপুর–১ আসন

পোস্টাল ব্যালটে বাজিমাত করে বিজয়ী রিকশার প্রার্থী হানজালা

মাদারীপুর-১ আসনে (শিবচর) বিএনপির প্রার্থীকে হারিয়ে ভোটে জয়ী হয়েছেন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা প্রতীক) সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। মাদারীপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচএম ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনের ১০২টি কেন্দ্রে সাঈদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৩ হাজার ৫১১টি ভোট এবং পোস্টাল ব্যালটে তিনি পেয়েছেন ১ হাজার ৩৯৮টি ভোট। সব মিলিয়ে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার সরাসরি ভোটে ৬৪ হাজার ২৯১টি এবং পোস্টাল ব্যালটে ২৩৩টি ভোট পেয়েছেন। তাঁর সর্বমোট ভোট ৬৪ হাজার ৫২৪টি। পোস্টাল ব্যালট ভোটে এগিয়ে জয়ী হন হানজালা। ভোটের ব্যবধান মাত্র ৩৮৫টি।

মাদারীপুর-১ আসনে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ২০৮টি, যা মোট ভোটের ৫৪ দশমিক ৯২ শতাংশ।