
বর্তমান সরকার আমলাতন্ত্র ও পুলিশের ওপর নির্ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হেসেন প্রিন্স। আজ ঢাকায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহিন হেসেন প্রিন্স আরও বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে ভোট ডাকাতি করে গায়ের জোরে ক্ষমতায় থাকা সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার আজ নির্বাসিত। দলীয় সরকারের অধীনে ভোটের প্রতি জনগণের বিন্দুমাত্র আস্থা নেই।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচনসহ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।
রুহিন হেসেন প্রিন্স বলেন, সরকার ‘উন্নয়নের’ ঢাকঢোল পেটালেও দেশের মানুষের বেঁচে থাকা দুরূহ হয়ে পড়েছে। সাধারণ মানুষের আয় না বাড়লেও চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। আর্থিক সংকটের কারণে দেশের প্রায় ৭৩ ভাগ মানুষ খাদ্য গ্রহণ কমিয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কমিউনিস্ট লীগের আবদুস সাত্তার, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আবদুল আলী, সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ।
সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি উত্থাপন করা হয় জোটের পক্ষ থেকে। এগুলোর মধ্যে অন্যতম দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা; নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ঋণখেলাপি-ব্যাংক ডাকাত, অর্থ পাচারকারী, কালোটাকার মালিক, দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা; অগণতান্ত্রিক সংশোধনীসমূহ ও কালাকানুন বাতিল; রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম-খুন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ-মাস্তানদের হস্তক্ষেপ বন্ধ করা; চাল-আটাসহ ৯টি অত্যাবশ্যকীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করা, মজুরি কমিশন গঠনসহ ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করা, সাম্প্রদায়িক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, শিক্ষা-স্বাস্থ্য নিয়ে ব্যবসা বন্ধ করা, জাতীয় সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করা, যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি ও সমঝোতা স্মারক জনসম্মুখে প্রকাশ এবং দেশের স্বার্থবিরোধী সব অসম চুক্তি বাতিল।
সংবাদ সম্মেলন থেকে ২২ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী গণপদযাত্রা এবং নভেম্বর মাসজুড়ে বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলায় জনসভা-সমাবেশ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়।