ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ
ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ

আন্দোলনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে: জামায়াত নেতা আযাদ

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ এমন মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কারের জন্য দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। তবে ক্ষমতার জোরে বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখ্যান করতে চায়। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবি মানতে বাধ্য করা হবে।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, নতুন সরকারের কাছে গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রত্যাশা করেছিল জনগণ। কিন্তু বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জাতির সঙ্গে বেইমানি করেছে। জনগণের মূল্যবান রায় বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলন করে যাচ্ছে।

হামিদুর রহমান আযাদ বলেন, সৎ, দক্ষ, যোগ্য লোকের অভাবে বাংলাদেশ দুর্নীতি ও দুঃশাসনের কবল থেকে মুক্ত হতে পারছে না। এ অভাব পূরণের দায়িত্ব ছাত্রশিবিরকে নিতে হবে। ছাত্রশিবিরের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে। কিন্তু এগুলো করে ছাত্রশিবিরকে তার লক্ষ্য থেকে দূরে রাখা যায়নি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দীন, জেলার নায়েবে আমির মো. ইমতিয়াজ আহমেদ, আবু হারিচ মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল ওহাবসহ জেলা কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের শহর ও জেলার নেতারা।