আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বাসদ (মার্ক্সবাদী) মনোনীত প্রার্থী রাফিকুজ্জামান ফরিদের প্রচারে সোমবার ‘গানের মিছিল’ করা হয়
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বাসদ (মার্ক্সবাদী) মনোনীত প্রার্থী রাফিকুজ্জামান ফরিদের প্রচারে সোমবার ‘গানের মিছিল’ করা হয়

ঢাকা–৮ আসন

রাফিকুজ্জামান ফরিদের নির্বাচনী প্রচারে ‘গানের মিছিল’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বাসদ (মার্ক্সবাদী) মনোনীত প্রার্থী রাফিকুজ্জামান ফরিদের প্রচারে ‘গানের মিছিল’ করা হয়েছে। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন, মতিঝিল, শান্তিগর, কাকরাইল মোড়, শিল্পকলা একাডেমি প্রদক্ষিণ করে।

মিছিল থেকে বিভিন্ন মোড়ে পিকআপে করে শিল্পীরা গান পরিবেশন করেন। এ সময় দেওয়া বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে ফরিদের মতো গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরাই জনগণকে সংগঠিত করার চেষ্টা করে গেছেন। এই দল শুধু মুখে মুখেই নয়, সত্যি সত্যিই সাধারণ মানুষের পক্ষে রাজনীতি করে।

দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য জয়দীপ ভট্টাচার্য বলেন, ‘রাজনীতির নামে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজির বিপরীতে পাল্টা রাজনীতি গড়ে তুলতে হবে। আমাদের রাজনীতি হবে জনগণের অধিকার আদায়ের জন্য, মৌলবাদ–সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। রাজনীতি হবে দেশের জনগণের মৌলিক চাহিদা আদায়ের রাজনীতি।’

‎গানের মিছিলে দেওয়া বক্তব্যে রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘আমাদের ভোট দিলে আপনাদের অধিকার আদায়ের লড়াই শক্তিশালী হবে। বড়লোকদের পক্ষের দলগুলো পালাক্রমে ক্ষমতায় এসেছে। আপনারা বারবার প্রতারিত হয়েছেন। এবার আপনাদের পক্ষের শক্তিকে চিনে নিন।’

গানের মিছিলে আরও বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক শুভাশিষ চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী প্রমুখ। গান করেন ওয়ারদা আশরাফ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সুস্মিতা রায় প্রমুখ। মিছিল সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।

মিছিলে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন দাস, বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও এনপিএর সদস্য শামীম আরা, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য রাফসান আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ প্রমুখ।