চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আজ বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আজ বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণায় তথ্যমন্ত্রী, বললেন ‘ষড়যন্ত্রকারীরা টুস করে চুপসে গেছে’  

বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় এক পথসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপিসহ দেশে-বিদেশে যারা ষড়যন্ত্র করেছিল, তারা ‘বেলুনের মতো টুস করে চুপসে গেছে’।

আজ সোমবার ডিঙি নৌকায় কর্ণফুলী নদী পার হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যান তথ্যমন্ত্রী। সেখান থেকে বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। পরে মরিয়মনগর চৌমুহনী গিয়ে পথসভায় বক্তব্য দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাছান মাহমুদ। পথসভায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু নৌকা এবং সাইকেলে চড়ে নির্বাচনী প্রচার চালাতেন। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমায় আপনারা সেটি দেখেছেন। বঙ্গবন্ধুর সেই স্মৃতিকে স্মরণ করে আজকে আমি নৌকায় চড়ে কর্ণফুলী নদী পার হয়েছি এবং দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আজকে নির্বাচন নিয়ে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে বিএনপিসহ দেশে-বিদেশে যারা ষড়যন্ত্র করেছিল, তারা বেলুনের মতো টুস করে চুপসে গেছে। এখন শক্তিশালী ভিটামিন ট্যাবলেট দিয়েও বিএনপিকে দাঁড় করানো যাচ্ছে না।’

‘নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল, তারা এখন গর্তের মধ্যে ঢুকেছে’—মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘যখন ইঁদুরকে দৌড়ানো হয়, সে তখন গর্তের মধ্যে ঢোকে। জনগণ বিএনপিকে ধাওয়া করেছে। জনগণের দৌড়ানি খেয়ে তারা গর্তের মধ্যে ঢুকেছে। রিজভী আহমেদ এখন গর্তের ভেতর থেকে চোখ মেলে মেলে তাকান আর কর্মসূচি ঘোষণা করেন।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির কর্মসূচি হচ্ছে গাড়ি-ঘোড়া পোড়ানো। এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। যারা গাড়ি-ঘোড়া পোড়ায়, তাদের আমরা বর্জন করি। তাদের জনগণও বর্জন করেছে। সুতরাং রাঙ্গুনিয়ার মাটিতেও তাদের কোনো স্থান নেই।’

নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার দুয়ার সব মানুষের জন্য খোলা ছিল। এখন আমি আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আপনাদের কাছে আমার বিনীত ফরিয়াদ, আপনারা দয়া করে আমার জন্য আপনাদের দুয়ারটি খুলে দেবেন।’

এ সময় উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, মো. শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, মুহাম্মদ আলী শাহ, ইফতেখার হোসেন, আকতার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।