সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদ

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা দু–এক দিন আগে : সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার রাতে তিনি প্রথম আলোকে এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোকপ্রস্তাব উপস্থাপন করা হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের এক দিন পরেই বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সে হিসাবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। তাঁকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে বিএনপি এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করেনি।

তবে সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সংসদে বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।