জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে: শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জনসমক্ষে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথা বলেন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। গত শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’ শিরোনামে ফেসবুকে পোস্ট দেন জামায়াতের আমির। তিনি পোস্টে লিখেছেন, আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রীসাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম-অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রীসাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।

শফিকুর রহমান লিখেছেন, তাঁর (আখতারুজ্জামান) এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসমক্ষে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আখতারুজ্জামানের ঘটনার বিষয়ে শফিকুর রহমান আরও লিখেছেন, ‘জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।’

আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদের প্রশ্নবিদ্ধ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থীর কাছে হেরে যান। এরপর ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন তিনি। তিনি একসময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তাঁকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন।