বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোট চোর, ডাকাত, ষড়যন্ত্রকারী ও ভোট ইঞ্জিনিয়ারকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে হাত মুষ্টিবদ্ধ করতে হবে এবং জনগণকে সংগঠিত করতে হবে। জনগণের প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের হলরুমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।
সম্মেলনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘অনেকে আমাদেরকে বলে, এই সরকারকে এভাবে আর দেশের ক্ষতি করতে কত দিন আপনারা দেবেন? আমরা বলি, আমরা এক মিনিটও দিতে চাই না। শুধু জনগণ বুঝে নিক, কার কী চেহারা, কার কী চরিত্র। এটা বুঝে নেওয়া দরকার।’
শফিকুর রহমান বলেন, ইতিহাস বলে জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, সংগঠিত হয়, তখন কোনো শক্তি ও অস্ত্র জনগণের বিরুদ্ধে কাজ করে না। এটা ভোঁতা হয়ে যায়।
ডিসেম্বর মাসজুড়ে জামায়াতের কর্মসূচি থাকবে জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘সেসব কর্মসূচিকে প্রাণবন্ত করার জন্য আমরা সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। কাউকে ঠেকানোর জন্য নয়, ঠেকানোর দরকার পড়বে না।’
সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারের জন্য আলাদা দুটি ভোট হলেও ক্ষমতাসীন দল একটি মেনেছে, আরেকটি মানেনি বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তারাই রাজনীতিতে সংকট তৈরি করেছে বলেন তিনি। তিনি আরও বলেন, তাঁরা এখনই বর্তমান সরকারকে ফ্যাসিবাদী সরকার বলতে চাচ্ছেন না। তবে ফ্যাসিবাদের অনেক লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা জনগণের সঙ্গে দ্বিচারিতা করে ক্ষমতায় বসেছে, তাদের দিয়ে জুলাইয়ের গণ–আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে বলে মনে হয় না। তারা হয় সংসদে নিয়মতান্ত্রিক উপায়ে গণভোটের রায় মানতে বাধ্য হবে, আর সংসদে সমাধান না হলে ফয়সালা হবে রাজপথে।
সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কামাল হোসেন, আবদুল বাতেন ও মীর আহমাদ বিন কাসেম (আরমান), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ, ডাকসুর ভিপি আবু সাদিক (সাদিক কায়েম) প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।