
১১–দলীয় ঐক্যের সঙ্গে সংলাপের জন্য আলাদা সময় যাতে বরাদ্দ করা হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন হামিদুর রহমান আযাদ।
বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর ১৯টি, ৩০ নভেম্বর ১৮টি এবং ১ ডিসেম্বর ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ সংলাপ অর্থবহ করতে ১১-দলীয় ঐক্যের একসঙ্গে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবকে জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবেও জানানো হবে।
প্রধানমন্ত্রীর আহ্বানে জাতীয় সংলাপে ১১-দলীয় ঐক্য একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, এ সংলাপ বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ভূমিকা রাখতে পারলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। সংকট নিরসনে সবার সহযোগিতা লাগবে, তবে এখানে মূল দায়িত্ব সরকারের। সরকার সত্যিকার অর্থে সংস্কার বাস্তবায়নে কতটা আন্তরিক এবং তাদের পরিকল্পনা কী, তা সংলাপে স্পষ্ট হওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের তারিখ ও সময় চূড়ান্ত হলে ১১ দলের শীর্ষ নেতারা আবার বৈঠক করে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করবেন বলে জানান হামিদুর রহমান আযাদ। তিনি আশা প্রকাশ করেন, আন্তরিক আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।