চট্টগ্রামে বিএনপির সমাবেশ

মাঠে জড়ো হতে শুরু করেছেন নেতা-কর্মীরা, আসার পথে হামলার অভিযোগ

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে যোগ দিতে আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। ইতিমধ্যে পলোগ্রাউন্ড মাঠের আশপাশে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছেন তাঁরা। অনেকেই কড়া রোদে মাঠে অবস্থান নিয়েছেন। তবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, পথে পথে তাঁদের ওপর হামলা ও বাধা দিয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। তাঁদের কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপক্ষে সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে আজ সমাবেশ করছে বিএনপি। আজ বুধবার বেলা দুইটায় পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সমাবেশে আসা ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, তাঁদের অনেক নেতা-কর্মী গতকাল মঙ্গলবার সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে চলে আসেন। বাকিরা আজ আসছিলেন। এ সময় বারইয়ার হাট থেকে সীতাকুণ্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা ও হয়রানি করেছেন। পাশাপাশি সাত থেকে আটটি মাইক্রোবাস ভাঙচুর করেন।

একই ধরনের অভিযোগ করেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী। তিনি বলেন, বারইয়ার হাট থেকে সীতাকুণ্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় তাঁদের ওপর হামলা হয়।

জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় আমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলাম। হামলা কিংবা হয়রানির কোনো ঘটনা ঘটেনি। সমাবেশে যাওয়া লোকজনের একটি গাড়ি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে জোরারগঞ্জ থানার পুলিশ চাপা দেওয়া গাড়িটি জব্দ করে।’

এদিকে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী অভিযোগ করেন, সমাবেশে আসার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন তাঁদের নেতা-কর্মীরা। রাস্তায় পুলিশ গাড়ি দাঁড় করিয়ে হয়রানি করেছে।

চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন তাঁদের নেতা-কর্মীরা। কিন্তু পথে পথে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন তাঁদের নেতা-কর্মীরা। ভাঙচুর করা হয়েছে গাড়ি। তবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম হামলার অভিযোগ অস্বীকার করেন।