
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি রাজনীতির নামে আবার ভাঙচুর, বিশৃঙ্খলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে, তাহলে সরকার ব্যবস্থা নেবে। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাদের প্রতিহত করবেন।
আজ মঙ্গলবার সকালে নাটোরে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ২০১৩-১৪-১৫ সালে মানুষের ওপর আক্রমণ পরিচালনা করেছে, পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে, সেই সময় দিনের পর দিন অবরোধের পর অবরোধ করে মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বিএনপি যদি আবার সেই পথে হাঁটে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে আওয়ামী লীগ নেতা–কর্মীরা নিশ্চয়ই জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য জনগণের সাথে থাকবে। জনগণ তাদের আর সেই কাজ করার সুযোগ দেবে না।’
‘আবার যদি বিএনপির দুষ্কৃতকারীরা বা তাদের ছত্রচ্ছায়ায় কেউ এ ধরনের অপকর্ম করে, প্রশাসনও বসে থাকবে না। কারণ, জনগণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত প্রশাসন আছে, তাদের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা,’ দ্ব্যর্থহীনভাবে বলেন হাছান মাহমুদ।
বিএনপি-জায়ায়াত ঐক্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘গতকাল মির্জা ফখরুল সাহেবকে এ নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি উত্তর এড়িয়ে গেছেন। এই এড়িয়ে যাওয়ার মাধ্যমে বিএনপি আসলে স্বীকার করে নিয়েছে, জামায়াত-বিএনপির ঐক্য অবিচ্ছেদ্য। তাদের ঐক্য সব সময় আছে এবং থাকবে।’
বিটিভি নাটোর উপকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন বিষয়ে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে এই উপকেন্দ্র স্থাপন করেছিলেন। তিনি উত্তরা গণভবনে মন্ত্রিসভার সভাও করেছিলেন এবং সেটিকে উপলক্ষ করে এখানে উপকেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। আজকে আমরা এখানে নতুন ভবন উদ্বোধন করেছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি বিভাগীয় সদরে একটি করে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সে হিসেবে রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র শিগগিরই স্থাপিত হবে। আমাদের চেষ্টা থাকবে, আগামী নির্বাচনের আগে সীমিত আকারে অনুষ্ঠান শুরু করার জন্য। আর উপকেন্দ্রগুলোতে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে। যাতে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়, স্থানীয় শিল্পীরা তাঁদের প্রতিভা উপস্থাপন করতে পারেন, অনুপ্রাণিত হন।’
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, বিটিভির প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।