ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে জামায়াতে ইসলমীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। সেই অধিকারকে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল, বুট ও গুলির মাধ্যমে দমন করার ঘটনা নিন্দনীয়।
জামায়াতে ইসলামীর বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের কর্মসূচি চলাকালে নেতা–কর্মীদের ওপর পুলিশি দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পুলিশের লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং গুলিবর্ষণের ফলে যেভাবে সাধারণ আন্দোলনকারীরা আহত হয়েছেন, তা ন্যক্কারজনক বলে উল্লেখ করা হয়েছে জামায়াতে ইসলামীর বিবৃতিতে। এতে বলা হয়, ‘বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের গুলিবিদ্ধ হওয়া এবং অন্য নেতা–কর্মীদের মারাত্মকভাবে আহত হওয়ার বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক।’
বিবৃতিতে অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সব সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান অন্যায়, জুলুম ও দমন-পীড়নের বিরুদ্ধে এবং ভবিষ্যতেও ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের পাশে থাকবে। রাষ্ট্রকে অবশ্যই দমননীতি পরিহার করে জনগণের ন্যায্য দাবি শোনার পথ বেছে নিতে হবে।’