উন্নয়ন বরাদ্দ নিয়ে সংসদে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। ৯ নভেম্বর
উন্নয়ন বরাদ্দ নিয়ে সংসদে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। ৯ নভেম্বর

বিরোধীদের আসনে উন্নয়ন বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত আছে কি না, প্রশ্ন এনসিপির এমপির

সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদগুলোতে (ইউপি) উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় এ বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে এই অভিযোগ করেন এনসিপির এই সংসদ সদস্য। জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সব নির্বাচনী এলাকায় সমভাবে উন্নয়ন করা হবে। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো ও ইউপি উন্নয়নের বরাদ্দপত্র আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে।

সম্পূরক প্রশ্নে আবদুল্লাহ আল আমিন বলেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতে সরকারদলীয় সংসদ সদস্যদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে; কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনের কোনো ইউপিতেই সেই বরাদ্দ দেওয়া হয়নি। তিনি জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়ন পরিষদে উন্নয়নের প্রয়োজন নেই, শুধু সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন প্রয়োজন—এমন কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত সরকারের কাছে রয়েছে কি না।

জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমার জানামতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউপি নেই। তিনি মহানগর থেকে নির্বাচিত।’

এ সময় আবদুল্লাহ আল আমিন হাত তুলে তাঁর নির্বাচনী এলাকায় ইউপি থাকার কথা জানান। তখন প্রতিমন্ত্রী বলেন, ‘দু-একটি বোধ হয় থাকতে পারে।’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘সমভাবে সব নির্বাচনী এলাকায় উন্নয়ন হবে। আপনাদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো উন্নয়ন ও ইউপির উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের (মঙ্গলবার) মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেব।’