হাতুড়ি বাহিনী দিয়ে নেতা–কর্মীদের আঘাত করা হচ্ছে: মির্জা আব্বাস

কমলাপুর স্টেডিয়ামের সামনে সমাবেশ শেষে মিছিল বের করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা। ঢাকা, ১১ আগস্ট
ছবি: প্রথম আলো

বিএনপির নেতা–কর্মীদের হাতুড়ি বাহিনী দিয়ে আঘাত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘পুলিশের গুলিতে আমাদের অনেক নেতা–কর্মী আহত হয়েছেন, অনেকের চোখ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা পৈশাচিক কায়দায় নির্যাতন চালাচ্ছে।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে গণমিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে গণমিছিলের আয়োজন করে বিএনপি।

সরেজমিনে দেখা গেছে, বেলা দেড়টা থেকেই বিএনপির নেতা–কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কমলাপুর স্টেডিয়ামের (বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল, কমলাপুর জাতীয় স্টেডিয়াম) সামনে আসা শুরু করেন। কর্মসূচি উপলক্ষে স্টেডিয়ামের দক্ষিণ পাশের খোলা জায়গায় একটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরা করা হয়।

বেলা পৌনে তিনটার দিকে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। বিকেল পৌনে চারটার দিকে সমাবেশ শেষ হলে মিছিল বের করেন বিএনপির নেতা–কর্মীরা। মিছিলটি মালিবাগ রেলগেট সংলগ্ন কাঁচা বাজারে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না স্লোগান দেন তাঁরা। বিএনপির কর্মসূচি কেন্দ্র করে কমলাপুর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস বলেন, তাঁদের গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো হানাহানি নেই। কিন্তু সরকার মিছিল করা, অবস্থান করা ও কথা বলার অধিকারের মতো গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে।

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির  সদস্য মির্জা আব্বাস বলেন, ‘শুনলাম উনি (নির্বাচন কমিশন) নাকি ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণা করবে তথাকথিত নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন আমরা মানি না। যে নির্বাচন কমিশন এই নিশিরাতের সরকারের নির্বাচিত কমিশন। নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করতে চাই, সরকারি আদেশ মেনে আপনারা যে কাজ করছেন, অন্যায় করেছেন।’

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে মির্জা আব্বাস আরও বলেন, ‘আপনাদের নির্বাচন করার সাংবিধানিক অধিকার নেই। আমরা সেই নির্বাচনকে অবশ্যই প্রতিহত করব। এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। হতে দেওয়া হবে না।’
সমাবেশে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি। তবে কেউ যদি অশান্তি সৃষ্টি করে, তাদের দাঁতভাঙা জবাব দিতে কখনো কৃপণতা করবেন না। আমরা জনগণের পক্ষে। জনগণের জয় নিশ্চিত করার দায়িত্ব নিয়েছি।’

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘এই সরকার কোনো পাতানো নির্বাচন করলে নেতা–কর্মীরা সজাগ থাকবেন, তাদের উচিত জবাব দেবেন।’

আর গণমিছিলের আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, এই সরকার বিদায় না নেওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এই সরকারের সময় শেষ। তাদের বিদায় নিতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুল সালাম বলেন, ‘টিয়ার গ্যাস ছুড়ে, গুলি করে বিএনপির নেতা–কর্মীদের ঘরে ঢুকিয়ে রাখা যাবে না। আগামীতে সাজানো নির্বাচন হবে না। গত ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচি ছিল মহড়া। ফাইনাল শুরু হলে আওয়ামী লীগ চোখে অন্ধকার দেখবে। দরকার হলে বুকের রক্ত ঢেলে দেব, তবু শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বরকতউল্লা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।