ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখার’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখার’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির উত্থান রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্রদলের সাধারণ সম্পাদকের

মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, ‘ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। তবে মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী অপচেষ্টা রুখতে আদর্শিক ও সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিতে হবে। আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকেই কাজ করতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কথা বলেন। ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখার’ মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাধীনতাবিরোধী শক্তি সাম্প্রতিক নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছে উল্লেখ করে একে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা’ আখ্যা দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, যারা এখনো স্বাধীনতাকে স্বীকার করে না বা কটাক্ষ করে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

নাছির উদ্দীন আরও বলেন, ‘স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি বিভিন্নভাবে ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। এই বাস্তবতা সামনে রেখে আমাদের সংগঠনকে আরও প্রস্তুত হতে হবে।’

ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে মিথ্যা প্রচারণা চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অনুষ্ঠানে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ভুল তথ্য ও উসকানির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। নাছির উদ্দীন বলেন, বিএনপি ক্ষমতায় আসার পরও সারা দেশে নেতা–কর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।