কমলাপুরে বিএনপির গণমিছিল কর্মসূচিতে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

বেলা দেড়টা থেকেই দলটির নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কমলাপুর স্টেডিয়ামের সামনে আসা শুরু করেন
ছবি: প্রথম আলো

সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত গণমিছিল কর্মসূচিতে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে তাঁরা মিছিল নিয়ে বের হবে। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও সরেজমিনে দেখা যায়, বেলা দেড়টা থেকেই দলটির নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কমলাপুর স্টেডিয়ামের সামনে আসা শুরু করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে কমলাপুর স্টেডিয়ামের দক্ষিণ পাশের খোলা জায়গায় একটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। সেখানে পৌনে তিনটা থেকে সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল মঈন খানও এই কর্মসূচিতে অংশ নেবেন।

বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে কমলাপুর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বেলা তিনটায় এই প্রতিবেদন লেখার সময় কমলাপুর স্টেডিয়ামের আশপাশের সড়কে হাজার হাজার নেতা কর্মী জড়ো হয়ে মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন।