
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নানা অজুহাতে তাঁর পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। এটা গ্রহণযোগ্য না বলেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে তাসনিম জারা এ অভিযোগ করেছেন।
তাসনিম জারা বলেন, বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে।কাউকে বলা হচ্ছে, ওরা তো এখানকার ভোটার না। এটা তো নিয়ম না। তারপর পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না। কিংবা ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত তাসনিম জারা বলেন, ‘আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। অথচ মানুষ ভেতরে ভোট দিচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না।’
কতটা কেন্দ্র থেকে অভিযোগ এসেছে জানতে চাইলে তাসনিম জারা বলেন, অনেকগুলো কেন্দ্র থেকে তাঁরা এ ধরনের অভিযোগ পাচ্ছেন।