
বিএনপি বিশৃঙ্খলা করলে রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি আওয়ামী লীগও তাদের প্রতিহত করবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘শান্তি সমাবেশ’-এ কথা বলেন তিনি।
বিএনপি ও সমমনা দলগুলোর পদযাত্রার পাল্টা কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে। সেখানে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনাদের (বিএনপি) এই আন্দোলন খেলা বাংলাদেশের মানুষ বহুদিন ধরে দেখছে। মানুষ এখন ক্লান্ত হয়ে গেছে। এই আন্দোলন খেলে এই সরকারের কিছু করার ক্ষমতা আপনাদের নেই। আপনারা কিছু করতে পারবেন না।’
বিএনপির কর্মকাণ্ডের বিষয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়ে এই নেতা বলেন, ‘তথাকথিত আন্দোলনের নামে যদি এরা (বিএনপি) বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে দেশের আইনশৃঙ্খলা বাহিনী আছে। তারা কঠোরভাবেই তা দমন করবে। এর পাশাপাশি প্রয়োজন হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সব সময় প্রস্তুত থাকবে। যেকোনো বিশৃঙ্খল কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য রাষ্ট্রীয় যন্ত্রের পাশে থেকে সহায়তা করবে আওয়ামী লীগ।’
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের হাত আওয়ামী লীগের নেতা-কর্মীদের রক্তে রঞ্জিত। এই বিএনপি তাদের অপকর্মের কারণে বাংলাদেশে আর কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।’
সমাবেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বলেন, ‘বিএনপি দাম বাড়ছে বলে ব্যবসায়ীদের খোঁচা দিচ্ছে দাম বাড়াতে। রোজার মাসে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকবে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে।’
২০০৭ সালে সালের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিয়ে রাজনীতিবিদদের হেনস্তা করেছিল উল্লেখ করে সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সেই তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে শারীরিক নির্যাতন করেছিল, বিমানবন্দরে হেঁটে যেতে পারেননি। হুইলচেয়ারে যেতে হয়েছিল বিদেশে। আবার সেই তত্ত্বাবধায়ক সরকার চায় তারা।’
তত্ত্বাবধায়ক সরকারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আবার যদি এ সরকার (তত্ত্বাবধায়ক সরকার) বাংলাদেশে ফিরে আসে, কেউ বলতে পারবে না তারা তিন মাসের জন্য, না তিন বছরের জন্য আসবে। এর উত্তর কেউ দিতে পারবে না। যারা এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে, তারাও না।’