
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। তাঁরা বিশ্বাস করেন, জনগণের যে আস্থা–ভালোবাসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মাহদী আমিন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করছে দলটি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। দলটি এ ঘোষণা আগেই দিয়েছে।
নির্বাচনে বিএনপির বিপুল বিজয় নিয়ে অনুভূতি জানান মাহদী আমিন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।’
বিএনপির সরকার একটি ‘জনকল্যাণমূলক সরকার’ হবে বলে উল্লেখ করেন মাহদী আমিন।