যুব মহিলা লীগের সম্মেলন

বাদ্য-বাজনার তালে, রঙিন পোশাকে উৎসবমুখর সম্মেলনস্থল

মিছিল নিয়ে আসছেন নেতা–কর্মীরা
ছবি: প্রথম আলো

ব্যান্ড পার্টির বাজানো বাদ্য-বাজনার তালে তাল মিলিয়ে কেউ নাচছেন, কেউ আবার নিজ থানা, জেলা বা নেত্রীর নাম নিয়ে স্লোগান দিচ্ছেন। কোনো কোনো নেতা, কর্মী, সমর্থকেরা একই রঙের শাড়ি পরে এসেছেন। কেউ আবার শাড়ি বা জামার ওপর গায়ে দিয়েছেন একই রঙের টি-শার্ট। কারও কারও মাথায় আবার একই রঙের টুপি।

আজ বৃহস্পতিবার সকাল থেকে এমনই বর্ণিল এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে যোগ দিতেই সকাল থেকে নেতা-কর্মীরা উৎসবমুখর পরিবেশে সেখানে জড়ো হচ্ছেন।

সকাল ১০টায় সেখানে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উল্টো পাশে উদ্যানে প্রবেশের গেটের সামনে নারী নেত্রী ও তাঁদের সমর্থকদের ভিড়। পুলিশ তল্লাশি করে একে একে সম্মেলনে আসা নেত্রীদের ভেতরে ঢোকাচ্ছে।

যুব মহিলা লীগের সম্মেলনে অনেকে একই রঙের শাড়ি পড়ে এসেছেন। কারও মাথায় আবার একই রঙের টুপি

ওই ফটক দিয়ে প্রবেশ করছেন ঢাকা মহানগর উত্তর, রংপুর, রাজশাহী ও  ময়মনসিংহ বিভাগ, টাঙ্গাইল এবং ঢাকা জেলা উত্তরের নেতা-কর্মীরা। এ ছাড়া নরসিংদী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ এবং গাজীপুর জেলার নেত্রীরাও ওই ফটক দিয়ে প্রবেশ করছেন।

রমনা কালী মন্দিরের ফটক দিয়ে প্রবেশ করছেন বরিশাল বিভাগ, ফরিদপুর ও ঢাকা মহানগর উত্তর আর বাংলা একাডেমির উল্টো পাশে মেট্রোরেল স্টেশনের ফটক দিয়ে সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে আসা নেত্রীরা। আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের গেট দিয়ে প্রবেশ করছেন সম্মেলনের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা, যাঁরা অতিথি হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে বাড্ডা থানা যুব মহিলা লীগের সভাপতি শাহনাজ বেগম বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। তিনি দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আজকের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বে যুব মহিলা লীগ আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

পদপ্রত্যাশী নেতাদের নামে দেওয়া হচ্ছে স্লোগান

রূপগঞ্জ যুব মহিলা লীগের নেত্রী সালেহা কবির বলেন, ‘বিএনপি-জামায়েত দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে যে ষড়যন্ত্র করছে, সেটা প্রতিহত করতেই আমরা শেখ হাসিনার নেতৃত্বে পাশে আছি৷ শুধু বলতে চাই, হাসিনা আপার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।’

এ সময় ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের হাজারো নেতা-কর্মী সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। নেতা-কর্মীদের ভিড়ে প্রবেশফটকগুলোর সামনে জটলা ও ভিড় জমে যায়। তখন সেখানে দাঁড়িয়েই তাঁরা মিছিল ও স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানবাহন নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেয়নি। সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক ক্ষমতাসীন দলের বিগত অনুষ্ঠানে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, ভিসি চত্বর, দোয়েল চত্বর এলাকায় প্রতিবন্ধকতা দেখা যায়নি। যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল।