নির্বাচন কমিশনে গিয়ে আজ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ
নির্বাচন কমিশনে গিয়ে আজ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ

জামায়াতসহ ১১ দল আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবে

সারা দেশে জাতীয় নির্বাচন–পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে আগামীকাল সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১–দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো।

আগামীকাল বিকেল সাড়ে চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।

আজ রোববার বিকেলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১–দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জানতে চাইলে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, নির্বাচন–পরবর্তী হামলা, সহিংসতার বিরুদ্ধে ১১ দলের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।