সংসদ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ৮ অক্টোবর
সংসদ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ৮ অক্টোবর

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সংসদীয় কমিটি

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে সুপারিশ

প্রবাসী কর্মীরা যেন বিমানবন্দরে কোনো রকম অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে নজর রাখার সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৫৯০ জন নারী কর্মী। এ সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়। অনিয়ম, দুর্নীতি যাতে না হয়, সে জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করতে সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে সদস্যদের মধ্যে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।

নতুন ছয় গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। সংসদ ভবন। ৮ অক্টোবর

এখন ২৩টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভবিষ্যতে আরও ছয়টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে।

সংসদীয় কমিটিতে দেওয়া প্রতিবেদনে বিমানের পক্ষ থেকে জানানো হয়, ১৫ দেশের ২৩ আন্তর্জাতিক গন্তব্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল করে। যেগুলো হলো—সৌদি আরবে দাম্মাম, জেদ্দা, রিয়াদ ও মদিনা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দিল্লি, চেন্নাই, যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, ওমান, কুয়েত, কাতার, ইতালি, কানাডা, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন ও জাপান। বর্তমানে বিমানের বহরে নিজস্ব ১৯টিসহ ২১টি উড়োজাহাজ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২০২৬ থেকে ২০৩৪-২০৩৫ অর্থবছরের জন্য বিমানের ‘নেটওয়ার্ক অ্যান্ড ফ্লিট প্ল্যান’ অনুযায়ী বর্তমানে লাভজনক রুটগুলোতে সাপ্তাহিক ফ্রিকুয়েন্সি বাড়ানো এবং প্রয়োজনীয় সংখ্যক উড়োজাহাজ সংগ্রহ সাপেক্ষে নতুন নতুন গন্তব্যে ফ্লাইট চালু করা হবে। আন্তর্জাতিক রুটে নতুন গন্তব্য হিসেবে মালে, কুনমিং, সিডনি, জাকার্তা, সিউল এবং উহানে সেবা সার্ভিস সম্প্রসারণের পরিকল্পনা আছে। বাহরাইনে আবার ফ্লাইট চালু করার পরিকল্পনা আছে তাদের। এ ছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ক্যাটাগরি-১-এ উন্নীত হওয়া সাপেক্ষে নিউইয়র্কে ফ্লাইট পরিচালনার বিষয়ে বিমানের কার্যক্রম অব্যাহত আছে।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, জসীম উদ্দীন আহমেদ, সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, কামরুল হাসান ও আবু তালিব।