মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। ১৮ অক্টোবর ২০২৬
মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। ১৮ অক্টোবর ২০২৬

রাড্ডা হাসপাতাল ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম এমপি আরমানের

রাজধানীর মিরপুরে রাড্ডা–এমসিএইচ–এফপি ক্লিনিক ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, মদদদাতাদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। এই সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রোববার বিকেলে মিরপুরে রাড্ডা সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে মীর আহমাদ বিন কাসেম এ হুঁশিয়ারি দেন। ‘ঢাকা-১৪ আসনের সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে মীর আহমাদ বিন কাসেম বলেন, মিরপুরে সুলভ মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার অন্যতম প্রতিষ্ঠান রাড্ডা হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক প্রভাবের কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারছে না।

জামায়াতের এই নেতা আরও বলেন, রাড্ডার ঘটনায় পাপেল, লেলিন, শুভ্র, রাসেল, সজীবসহ যাঁদের নাম এসেছে, তাঁদের সাত দিনের মধ্যে আইনের আওতায় আনতে হবে। প্রশাসন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যর্থ হয়, তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গণমাধ্যমে এসেছে, রাড্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাঁরা হামলা চালিয়েছেন, তাঁদের পেছনে মদদদাতা রয়েছে। কোনো রাজনৈতিক পরিচয় যেন অপরাধীদের আত্মরক্ষার ঢাল না হয়। সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করা হবে।

কর্মসূচি থেকে বক্তারা রাড্ডা–এমসিএইচ–এফপি ক্লিনিকের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, লুট হওয়া ওষুধ ও সরঞ্জাম উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যের মদদদাতাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, জামায়াত নেতা মঈন উদ্দিন, মনিরুল ইসলাম মৃধা, জি এম হাফিজুর রহমান প্রমুখ।