রাজধানীর আগারগাঁওয়ে আজ সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সভা
রাজধানীর আগারগাঁওয়ে আজ সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সভা

প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট

পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সভায় কোন ধাপে কতটি ইউপির ভোট হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সভার সিদ্ধান্তের বিষয় তুলে ধরেন। তিনি জানান, কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, সেই তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এই নির্বাচন কমিশনার জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডিসেম্বরে

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ করার পরিকল্পনা ইসির রয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল।

আবুল ফজল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি নিয়ে কমিশনের সভায় আলোচনা হয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তা অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছে কি না, তা জানতে চান সাংবাদিক। জবাবে আবুল ফজল বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি।

আবুল ফজল বলেন, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা

কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর কাজে চলমান সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে বলে জানান আবুল ফজল। তবে এ কারণে এনআইডির কোনো সেবা বন্ধ নেই বলে দাবি করেন তিনি। এ–সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

সভা শেষে জানানো হয়, কোনো নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। যে ইভিএমগুলো সংরক্ষিত আছে, সেগুলোর ব্যবস্থাপনা (ডিসপোজাল) নির্ধারণে গঠিত কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে কমিশন সভায় আলোচনা হয়েছে।

আবুল ফজল বলেন, ‘এই ইভিএমগুলোর ডিসপোজালের ব্যাপারে একটা কমিটি ফর্ম (গঠন) করা হয়েছিল। সেই কমিটির কাজের অগ্রগতি সম্বন্ধে একটা ধারণা কমিশন আজকে গ্রহণ করেছেন।’

ইভিএম ধ্বংস করার ক্ষেত্রে পরিবেশগত উদ্বেগ এবং এ খাতে আর্থিক ক্ষতির বিষয়ে প্রশ্ন করা হলে আবুল ফজল বলেন, এসব বিষয় এখনো কমিশনের আলোচনায় আসেনি। আগে কমিটির সুপারিশ পাওয়া প্রয়োজন।

এই নির্বাচন কমিশনার বলেন, ইভিএম ধ্বংস করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। সংশ্লিষ্ট কমিটি যখন সুপারিশ করবে, তখন বোঝা যাবে কোন পদ্ধতি এখানে গ্রহণ করা হবে।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বলা হচ্ছে। এতে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে এর প্রভাব পড়বে কি না, এমন প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল বলেন, ‘আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং আইনশৃঙ্খলা কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে সহায়তা করবে।’