বিএনপির ছেড়ে দেওয়া আসনে প্রার্থী না দেওয়ার চিন্তা আ. লীগে

বিএনপির ছেড়ে দেওয়া আসনগুলো উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সে ক্ষেত্রে ওই সব সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় কোনো প্রার্থী না দেওয়ারও চিন্তা করছে দলটি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এই ইঙ্গিত দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় সম্মেলনের মাধ্যমে গত শনিবার আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির গঠনের পর সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকটি হয়েছে গতকাল।

দলীয় সূত্রগুলো আরও বলছে, উপনির্বাচন নিয়ে দলীয় প্রধানের এমন ভাবনার পেছনে জাতীয় পার্টি, ১৪ দলসহ অন্যদের মাঠের শক্তি যাচাই করার পরিকল্পনা থাকতে পারে। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে রাজনৈতিকভাবে সুবিধা পাবে আওয়ামী লীগ। ২০১৮ সালের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের জোটভুক্ত শরিক দলগুলো এবং জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা করেছিল আওয়ামী লীগ। আগামী নির্বাচনের এক বছর আগে উপনির্বাচন নিয়ে নতুন করে আসন ভাগাভাগির কোনো ‘ঝামেলায়’ যেতে চাইছে না আওয়ামী লীগ।

অবশ্য বিএনপির ছেড়ে দেওয়া আসনগুলোতে উপনির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আগামীকাল বুধবার থেকে ফরম বিক্রির ঘোষণা দিয়ে রেখেছে আওয়ামী লীগ। তবে দলীয় সূত্র বলছে, আসনগুলো উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর ইঙ্গিতের পর হয়তো মনোনয়ন ফরম বিক্রি বন্ধ হয়ে যেতে পারে।

বিএনপির সাতজন সংসদ সদস্য ১০ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন। পরে তাঁরা জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন। আগামী ১ ফেব্রুয়ারি ছয়টি আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সভাপতিমণ্ডলীর বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বলছে, ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি নিয়েও গতকাল আলোচনা হয়েছে। বিএনপির গণমিছিলের দিন নিজ দলের নেতা-কর্মীদেরও ১০ ডিসেম্বরের মতো সতর্ক অবস্থানে থাকার কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানী কার্যত আওয়ামী লীগের নেতা–কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। পরে আওয়ামী লীগের নেতারা বিএনপির গণসমাবেশকে ব্যর্থ বলে প্রচার করে। বিরোধীদের ৩০ ডিসেম্বরের কর্মসূচিও যাতে একইভাবে সফল হতে না পারে, সে বিষয়ে সভাপতিমণ্ডলীর বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্র আরও জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রকাশ্যে বক্তৃতা–বিবৃতির বিষয়টিও আলোচনা এসেছিল। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়া বাংলাদেশের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে যে কথাগুলো বলছে, এর পেছনে সরকারের কোনো ভূমিকা নেই। রাশিয়া নিজ থেকেই তাদের অবস্থান প্রকাশ করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও রাশিয়ার জোরালো অবস্থান ছিল।

সভাপতিমণ্ডলীর বৈঠক উপস্থিত থাকা একাধিক সূত্র জানিয়েছে, আগামী ৬ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

মাশরাফি ক্রীড়া সম্পাদক

আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। সভাপতিমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক শেষে গণভবনের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কার্যনির্বাহী সংসদের যে পদগুলো শূন্য ছিল, তার মধ্যে একটি পদে মাশরাফি বিন মুর্তজাকে যুব ও ক্রীড়া সম্পাদক করা হয়েছে। বাকি পদ পূরণের জন্য সভাপতিকে দায়িত্ব দিয়েছে সভাপতিমণ্ডলী।

গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে বহাল আছেন ওবায়দুল কাদের। ওই দিন ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৪৮টি পদ ঘোষণা করা হয়। মাশরাফির অন্তর্ভুক্তির পর আরও ৩২টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে নির্বাহী সদস্যের পদ ২৮টি। এ ছাড়া শ্রমবিষয়ক সম্পাদক, উপপ্রচার সম্পাদক ও সভাপতিমণ্ডলীর দুটি পদ ফাঁকা রয়েছে।

বৈঠকে উপস্থিত সূত্র জানায়, দলীয় প্রধান নিজেই মাশরাফিকে ক্রীড়া সম্পাদক করার প্রস্তাব করেন। অন্য সদস্যরা এতে সমর্থন করেন। এর বাইরে অন্য পদগুলো নিয়ে খুব একটা আলোচনা হয়নি। ফাঁকা পদ পূরণের দায়িত্ব দলীয় প্রধানের ওপর ছেড়ে দিয়ে সমসাময়িক বিষয়ের ওপর আলোচনা হয়।

মাশরাফি নড়াইল-২ আসনের (সদরের আংশিক ও লোহাগড়া উপজেলা) সংসদ সদস্য। গত বছর তাঁকে নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য করা হয়।

দেশ নিয়ে ছিনিমিনি নয়

বৈঠক সূত্র জানায়, সভাপতিমণ্ডলীর বৈঠকের শুরুতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কারণ, এই দেশটা জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে।’

বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করেছে জানিয়ে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যতে তাদের আর কষ্ট করতে হবে না। সবাই যেন সুন্দর একটা জীবন পায়, উন্নত জীবন পায়, সমৃদ্ধ জীবন পায়, সেটাই আমার একমাত্র লক্ষ্য, সেটাই করতে চাই।’

আওয়ামী লীগকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, সংগঠন শক্তিশালী থাকলে মানুষের আস্থা বিশ্বাস যদি অর্জন করা যায়। তাহলে সরকার চালানো এবং দেশের উন্নয়ন করা কঠিন কাজ হয় না।

বাংলাদেশ ইতিমধ্যে একটি ডিজিটাল দেশে পরিণত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। পদ্মা সেতু, স্যাটেলাইট উৎক্ষেপণ, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা না এলে বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যেতে পারত।