‘বন্যা ও জলাবদ্ধতায় বিপন্ন মানবতার ভোগান্তি ও দুর্ভোগ’ শীর্ষক এই গণশুনানির আয়োজন করে এবি পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বিজয়–৭১ চত্বরে
‘বন্যা ও জলাবদ্ধতায় বিপন্ন মানবতার ভোগান্তি ও দুর্ভোগ’ শীর্ষক এই গণশুনানির আয়োজন করে এবি পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বিজয়–৭১ চত্বরে

জলাবদ্ধতা নিয়ে তিন সরকারের সমালোচনা এবি পার্টির

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জলাবদ্ধতা নিরসন ও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারের অবস্থান একই রকম।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বিজয়–৭১ চত্বরে এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মজিবুর রহমান মঞ্জু। ‘বন্যা ও জলাবদ্ধতায় বিপন্ন মানবতার ভোগান্তি ও দুর্ভোগ’ শীর্ষক এই গণশুনানির আয়োজন করে এবি পার্টি।

গণশুনানিতে মজিবুর রহমান মঞ্জু বলেন, সামান্য বৃষ্টিতেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা সৃষ্টি হচ্ছে। বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও জনগণ এর সুফল পায়নি। এই অর্থ কোথায় ব্যয় হয়েছে, কারা দায়ী—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরতে হবে।

অবিলম্বে সরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং অতীতে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা দূরীকরণসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বাবদ যত টাকা লুটপাট হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন মজিবুর রহমান মঞ্জু।

মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি নয়, সমাধানের রাজনীতি করতে হবে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৩ হাজার ৪ কোটি টাকা, অন্তর্বর্তী সরকারের সময়ে ৩৪৫ কোটি টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি ২০২৬–২৭ অর্থবছরে বর্তমান সরকার চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এই অর্থ কীভাবে ব্যয় হবে, সে পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরতে হবে।

সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য ও আচরণের সমালোচনা করে এবি পার্টির এই নেতা বলেন, বিএনপির মন্ত্রী ও নেতারা আচরণ–কথাবার্তায় তারেক রহমানকে অনুসরণ না করে ফ্যাসিস্ট হাসিনাকে অনুসরণ করছেন। তাঁদের উচিত, নিজের নেতার আচরণে যে নমনীয়তা, তা অনুসরণ করা।

শিক্ষার্থীদের বারবার রাজপথে নেমে দাবি আদায় করতে হচ্ছে কেন—এ প্রশ্ন তুলে মজিবুর রহমান মঞ্জু বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই জনগণের সমস্যা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে কেন? এরও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, শ্রমিকনেতা শাহ আবদুর রহমান, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্সসহ আরও অনেকে।