সমাজে এমন মানুষের অভাব নেই, যাঁরা লোকচক্ষুর সামনে বিপুল প্রভাবশালী ও সফল; কিন্তু নিজের মনের দিকে তাকালে চরম নিঃস্ব ও দেউলিয়া। আবার এমন মানুষও ইতিহাসে বহু ছিলেন, যাঁদের সামাজিক প্রতিপত্তি ছিল না বললেই চলে; অথচ অন্তরের পরিশুদ্ধি ঘটিয়ে তাঁরা পৌঁছে গিয়েছিলেন স্রষ্টার পরম সান্নিধ্যে।
কোরআনের দৃষ্টিতে চিরন্তন মুক্তির একমাত্র পথ হলো আত্মশুদ্ধি (তাজকিয়াতুন নাফস)। মানুষের ভেতরটা যখন পরিচ্ছন্ন হয়, তখন তার চিন্তা, ভাষা, মানবিক আচরণ এবং দৈনন্দিন সম্পর্কগুলোও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে।
আত্মশুদ্ধির ভিত্তি কতটা জরুরি, তা স্পষ্ট হয় নবীজির দায়িত্ব ঘোষণার ধারাক্রমে। পবিত্র কোরআনে বলা হয়েছে, “তিনিই সেই সত্তা, যিনি নিরক্ষরদের মধ্য থেকে তাদেরই একজনকে রাসুল হিসেবে পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতগুলো পাঠ করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন।” (সুরা জুমুআ, আয়াত: ২)
লক্ষণীয়, এই আয়াতে গ্রন্থ ও প্রজ্ঞা শিক্ষার আগেই পরিশুদ্ধ হওয়াকে স্থান দেওয়া হয়েছে। কারণ, পাত্র যদি অপবিত্র থাকে, তবে তাতে রাখা সুধা বিষাক্ত হতে বাধ্য।
বর্তমান ডিজিটাল সমাজ বাস্তবতায় সবকিছুই প্রদর্শনীযোগ্য পণ্যে রূপ নিয়েছে। আমরা কী খাচ্ছি, কোথায় যাচ্ছি কিংবা কী ভাবছি—সবই তুলে ধরছি লোকসমক্ষে। সামাজিক এই প্রদর্শনপ্রিয়তা অনেক সময় মানুষের ধর্মচর্চা ও আধ্যাত্মিক সাধনাকেও সংক্রমিত করে ফেলে। এই ব্যাধি থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে শক্তিশালী ঢাল হলো নিভৃত সাধনা।
মানুষ যখন সবার অগোচরে একান্ত নির্জনে আল্লাহর সামনে দাঁড়ায়, রাতের নিস্তব্ধতায় জায়নামাজে চোখের জল ফেলে, তখন সেখানে স্তুতি বা করতালির কোনো স্থান থাকে না। যে নীরবে অভাবীর পাশে দাঁড়ায়, সে কৃতজ্ঞতার ফিরিস্তি খোঁজে না।
লোকচক্ষুর এই আড়ালটুকুতেই জন্ম নেয় ইবাদতের আত্মা—‘ইখলাস’ বা নিখাদ আন্তরিকতা। কোরআনের নির্দেশও অত্যন্ত স্পষ্ট, “তাদের কেবল এই আদেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে কেবল তাঁরই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে।” (সুরা বায়্যিনাহ, আয়াত: ৫)
রাসুল (সা.) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক রূপ কিংবা ধনসম্পদের দিকে তাকান না; বরং তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে।” (সহিহ মুসলিম, হাদিস: ২৫৬৪)
আমাদের অতীতের সেরা মনীষীরা তাই নিজেদের নাম ও পরিচয় লুকিয়ে রাখতেই বেশি পছন্দ করতেন। ফিকাহ শাস্ত্রের অনন্য ইমাম শাফিয়ি অকপটে বলতেন, “আমার ঐকান্তিক আকাঙ্ক্ষা এই যে মানুষ এই জ্ঞান শিখুক, কিন্তু এর কোনো কিছুর কৃতিত্ব যেন আমার নামের সাথে যুক্ত না হয়।” (আবু নুআইম আল-ইসপাহানি, হিলয়াতুল আওলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, ৯/১১৮, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ২০০২)
যাঁরা গোপনে নেক আমল চর্চা করেন, তাঁদের ব্যক্তিগত জীবনে এর সুদূরপ্রসারী পাঁচটি স্পষ্ট প্রভাব তৈরি হয়:
১. ইখলাসের পরিপক্বতা: মানুষ যত বেশি এমন নেক আমল করবে যার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, তার ইখলাস ততটাই পোক্ত হবে এবং সামাজিক স্বীকৃতির ওপর তার নির্ভরতা ভেঙে পড়বে।
২. অতন্দ্র আত্মসচেতনতা: নির্জনে অপরাধের সুযোগ পেয়েও যে ব্যক্তি আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে, সে ঈমানের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। আল্লাহ–তাআলা বলেন, “তোমরা তোমাদের কথা গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো, নিশ্চয়ই তিনি অন্তরের সব খবর সম্পর্কে সম্যক অবগত।” (সুরা মুলক, আয়াত: ১৩)
৩. প্রশান্তির স্বাদ: কোলাহলমুখর পৃথিবীর ব্যস্ততা থেকে সরে এসে নিভৃতে সময় কাটালে হৃদয়ে গভীর নীরবতা নেমে আসে। কোরআনের ভাষায়, “জেনে রেখো, কেবল আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।” (সুরা রাদ, আয়াত: ২৮)
৪. ফিতনায় অবিচল থাকা: গোপন ইবাদতে অভ্যস্ত অন্তর সহজে স্খলিত হয় না। প্রলোভন কিংবা আদর্শিক সংকটের ঝড়ে সেই ব্যক্তিই স্থির থাকে, কারণ তার সম্পর্কের খুঁটি পোঁতা থাকে অদৃশ্যের শক্ত জমিনে।
৫. সুন্দর পরিসমাপ্তি: জীবনের নির্জন মুহূর্তগুলো যিনি রবের আনুগত্যে সাজিয়েছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি নিরাশ হন না। পূর্বসূরি বুজুর্গরা শেষ জীবনে শুভ পরিণতির (হুসনুল খাতিমা) আশায় অন্তত একটি গোপন আমল সঞ্চয় করে রাখতেন।
ঘরের দরজা যখন বন্ধ হয়ে যায়, চারপাশের পরিচিত মানুষের চোখ যখন আড়ালে থাকে এবং কেবল নিজের একাকী অস্তিত্ব অবশিষ্ট থাকে—তখনকার আচরণই আমাদের আসল বিশ্বাসকে নির্দেশ করে। প্রদর্শনীর এই শোরগোলের যুগে নিজের ভেতরটা আলো দিয়ে ভরিয়ে তুলতে চাইলে লোকচক্ষুর অন্তরালে নিভৃত সাধনার কোনো বিকল্প নেই।