বিধান

নারীকে গাড়ি চালাতে ইসলাম কি নিষেধ করেছে

ড. মুহাম্মদ তাজাম্মুল হক

ইসলামে নারীর গাড়ি চালানো নিয়ে আলোচনার শুরুতে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করা যায়—গাড়ি চালানো কি ইসলামে নিষিদ্ধ কাজ, নাকি এর বিধান নির্ভর করবে গাড়ি চালানোর সঙ্গে যুক্ত অন্যান্য পরিস্থিতির ওপর?

কোরআন-হাদিসের মূল পাঠ এবং ফিকহের (ইসলামি আইনবিজ্ঞান) মূলনীতির আলোকে বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায়, নারীর গাড়ি চালানোকে সরাসরি নিষিদ্ধ বলার মতো সুস্পষ্ট প্রমাণ নেই।

বরং নবীজির যুগে নারীদের বিভিন্ন বাহন ব্যবহারের সুস্পষ্ট দৃষ্টান্ত রয়েছে।

নবীযুগে নারীর বাহন ব্যবহার

নবীজির সময়ে নারীরা উট বা ঘোড়ার মতো বাহন ব্যবহার করতেন। এ সংক্রান্ত কয়েকটি হাদিস থেকে বিষয়টি স্পষ্ট হয়:

১. উষ্ট্রারোহী নারী: মহানবী (সা.) বলেছেন, ‘উষ্ট্রারোহী নারীদের মধ্যে কোরাইশ বংশীয় নারীরা সর্বোত্তম। তারা শিশুদের প্রতি স্নেহশীলা এবং স্বামীর মর্যাদা রক্ষার্থে উত্তম হেফাজতকারিণী।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫২৭)

২. বাহন পরিচালনায় সতর্কতা: একবার নবীজি সফরে ছিলেন। আনজাশা নামের একজন উটচালক দ্রুত উট চালাচ্ছিলেন এবং সেই উটগুলোর ওপর নারীরা ছিলেন। তখন মহানবী (সা.) তাকে বললেন, ‘আনজাশা, ধীরে চলো; এঁরা তো কাচের পাত্রসদৃশ (নারী)।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১৬১)

লক্ষণীয় বিষয় হলো—এসব ঘটনায় নারীদের বাহনে আরোহণকে নিষিদ্ধ করা হয়নি; বরং বাহন পরিচালনার পদ্ধতি ও নারীদের নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

উষ্ট্রারোহী নারীদের মধ্যে কোরাইশ বংশীয় নারীরা সর্বোত্তম। তারা শিশুদের প্রতি স্নেহশীলা এবং স্বামীর মর্যাদা রক্ষার্থে উত্তম হেফাজতকারিণী।
সহিহ মুসলিম, হাদিস: ২৫২৭

সাহাবি যুগের দৃষ্টিভঙ্গি

বাহন পরিচালনার ক্ষেত্রে সাহাবি আসমা বিনতে আবু বকরের ঘটনাটি তাৎপর্যপূর্ণ। তিনি স্বামী জোবাইরের ঘোড়া সম্পর্কে বলেন, ‘আমি তাঁর ঘোড়াকে খাবার দিতাম, তার প্রয়োজনীয় দেখাশোনা করতাম এবং ঘোড়াটি পরিচালনা করতাম।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৮২)

যদিও এ কথার অর্থ সরাসরি ‘ঘোড়ায় চড়ে তা চালানো’ হিসেবে গ্রহণ করা ঠিক নয়, তবে একজন নারী সাহাবি যে বাহন পরিচালনা, পরিচর্যা ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন—তা এই হাদিস থেকে প্রমাণিত।

পরবর্তী সময়ে নারীদের ঘোড়ায় চড়ে হজে বা সফরে বের হওয়ার বিষয়ে ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি হজরত আসমার ঘটনা উল্লেখ করে বলেন, ‘আসমা বিনতে আবু বকর (রা.) গর্ভবতী অবস্থায় হজে বের হয়েছিলেন এবং তাঁর স্বামী জোবাইর (রা.) তাঁর ঘোড়াটি হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন... আমি এতে কোনো অসুবিধা দেখি না; যদি এমন কোনো বিষয় না হয়, যা ইসলামে আপত্তিকর।’ (ইবনে রুশদ আল-জাদ্দ, আল-বায়ান ওয়াত-তাহসিল, ৪/১১০, দারুল গারবিল ইসলামি, বৈরুত, ১৯৮৮)

ফিকহের মৌলিক নীতি

আধুনিক গাড়ির ক্ষেত্রে মূল ফিকহি প্রশ্নটি হলো, গাড়ি কি নিজেই কোনো নিষিদ্ধ বস্তু, অথবা নারী কর্তৃক তা পরিচালনা করা কি নিষিদ্ধ?

ইসলামি ফিকহের একটি সর্বসম্মত মৌলিক নীতি হলো, ‘পার্থিব অভ্যাস ও ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে মূলনীতি হলো বৈধতা, যতক্ষণ না তা নিষিদ্ধ হওয়ার কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়।’

কোরআন–হাদিস, সাহাবিদের আমল এবং ফিকহের মূলনীতিগুলো একত্রে বিবেচনা করলে সুস্পষ্ট সমাধান হলো—নারীর গাড়ি চালানো কোনো হারাম কাজ নয়; বরং এটি বৈধ।

অতএব, শুধু নারী হওয়ার কারণে গাড়ি চালানোকে হারাম বলা হলে সেই নিষেধাজ্ঞার জন্য স্বতন্ত্র প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন। এমন প্রমাণ ইসলামে নেই।

এর মানে এই নয় যে নারী গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। গাড়ি চালানোর সঙ্গে যদি পর্দাহীনতা, অনৈতিক মেলামেশা, নির্জনতা, অনিরাপদ সফর কিংবা বেপরোয়া আচরণ যুক্ত হয়, তবে সেই নির্দিষ্ট হারাম বিষয়ের বিধান এখানে প্রযোজ্য হবে।

উসুলুল ফিকহের নীতি অনুযায়ী, ‘ড্রাইভিং’ এবং ‘ড্রাইভিংয়ের সঙ্গে যুক্ত পরিস্থিতি’—এই দুটি বিষয়কে আলাদা করে দেখা জরুরি। আজকের গাড়ি হলো উট বা ঘোড়ার আধুনিক রূপ। তাই মূল প্রশ্নটি ‘নারী গাড়ি চালাবে কি না’ হওয়া উচিত নয়; বরং হওয়া উচিত ‘নারীর গাড়ি চালানোর ক্ষেত্রে স্বতন্ত্র কোনো শরয়ি নিষেধাজ্ঞা আছে কি না?’

শেষ কথা

কোরআন–হাদিস, সাহাবিদের আমল এবং ফিকহের মূলনীতিগুলো একত্রে বিবেচনা করলে সুস্পষ্ট সমাধান হলো—নারীর গাড়ি চালানো কোনো হারাম কাজ নয়; বরং এটি বৈধ।

তবে গাড়ি চালানোর সময় পরিবেশ, সফরের প্রকৃতি, নিরাপত্তা এবং পর্দার মতো ধর্মীয় বিধানগুলো যথাযথভাবে পালন করা আবশ্যক।

  • ড. মুহাম্মদ তাজাম্মুল হক : অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়