পবিত্র কোরআন শুধু পাঠ বা আনুষ্ঠানিক ইবাদতের গ্রন্থ নয়; এটি মূলত মানবজীবনের চিন্তার পরিশুদ্ধি, আচরণ সংশোধন এবং পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব গঠনের এক চিরন্তন জীবনাদর্শ। জীবনের সংকট, হতাশা, সম্পর্কের টানাপোড়েন এবং নৈতিক অবক্ষয়ের এই যুগে কোরআনের বার্তাগুলো মানুষের ভেতর আমূল পরিবর্তন এনে দিতে পারে।
ব্যক্তিজীবনকে অর্থবহ, সুশৃঙ্খল ও প্রশান্তিময় করে গড়ে তোলার জন্য পবিত্র কোরআন থেকে নেওয়া ১০টি মৌলিক ও রূপান্তরমূলক শিক্ষা তুলে ধরা হলো।
মানুষ পৃথিবীতে কোনো উদ্দেশ্যহীন সৃষ্টি নয়। কোরআন মানুষকে তার অস্তিত্বের প্রকৃত লক্ষ্য স্মরণ করিয়ে দেয়—মহান আল্লাহর দাসত্ব ও তাঁর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা।
হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখো; যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো...।’সুরা হুজুরাত, আয়াত: ৬
আল্লাহ–তাআলা বলেন, ‘আমি জিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৬)
জীবনের এই উদ্দেশ্য উপলব্ধি করলে মানুষের ভেতরের আত্মকেন্দ্রিকতা দূর হয় এবং প্রতিটি কাজের পেছনে জবাবদিহির অনুভূতি তৈরি হয়।
কোরআনের অন্যতম প্রধান দাবি হলো সমাজের সব স্তরে আপসহীন ন্যায়বিচার প্রতিষ্ঠা করা—তা নিজের বা প্রিয়জনের বিরুদ্ধে গেলেও।
আল্লাহ–তাআলা নির্দেশ দেন, ‘হে মুমিনগণ, তোমরা ন্যায়ের ওপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও; যদিও তা তোমাদের নিজেদের, মা-বাবার কিংবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায়।’ (সুরা নিসা, আয়াত: ১৩৫)
পরিবার, কর্মক্ষেত্র কিংবা সামাজিক আচরণে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি বর্জন করাই কোরআনের শিক্ষা।
পার্থিব জীবন পরীক্ষা ও সংকটে পূর্ণ। কোরআন মানুষকে শেখায় দুঃখ-কষ্টে ভেঙে না পড়ে ধৈর্য (সবর) ধারণ করতে এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর অটল আস্থা (তাওয়াক্কুল) রাখতে।
আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো; নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন’। (সুরা বাকারা, আয়াত: ১৫৩)
আর যে আল্লাহর ওপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট হয়ে যান। (সুরা আত-তালাক, আয়াত: ৩)
আঘাতের জবাবে প্রতিশোধ নেওয়া মানুষের স্বাভাবিক প্রবৃত্তি; কিন্তু কোরআন শেখায় ক্ষমা ও মহত্ত্বের মাধ্যমে শত্রুকেও আপন করে নেওয়ার কৌশল।
আল্লাহ বলেন, ‘ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না। তুমি মন্দকে প্রতিহত করো তা দ্বারা, যা সর্বোত্তম; ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা ছিল, সে অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে।’ (সুরা ফুসসিলাত, আয়াত: ৩৪)
এই দৃষ্টিভঙ্গি মানুষের সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও মর্যাদাপূর্ণ করে তোলে।
আঘাতের জবাবে প্রতিশোধ নেওয়া মানুষের স্বাভাবিক প্রবৃত্তি; কিন্তু কোরআন শেখায় ক্ষমা ও মহত্ত্বের মাধ্যমে শত্রুকেও আপন করে নেওয়ার কৌশল।
আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে যাচাইহীন সংবাদের প্রচার বড় ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে।
কোরআন তথ্য যাচাইয়ের কঠোর নির্দেশ দিয়েছে, ‘হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখো; যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো...।’ (সুরা হুজুরাত, আয়াত: ৬)
অন্য আয়াতে ক্ষতিকর ধারণা ও অনুমান থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। (সুরা হুজুরাত, আয়াত: ১২)
সময় মানবজীবনের সবচেয়ে অমূল্য পুঁজি। সময়ের সদ্ব্যবহারের ওপরই নির্ভর করে অনন্ত জীবনের সাফল্য ও ব্যর্থতা।
আল্লাহ সময়ের শপথ করে বলেন, ‘সময়ের কসম! নিশ্চয়ই মানুষ চরম ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত; তবে তারা ছাড়া, যারা ইমান এনেছে, সৎকাজ করেছে এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে।’ (সুরা আসর, আয়াত: ১-৩)
প্রাত্যহিক জীবনের প্রতিটি মুহূর্তকে গঠনমূলক কাজে ব্যয় করার এই শিক্ষা মানুষকে অলসতা থেকে মুক্ত করে।
ইসলাম সমাজবিচ্ছিন্ন কোনো ধর্ম নয়। কোরআন প্রতিটি সম্পর্কের প্রতি সম্মান ও দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।
আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সঙ্গে কাউকে শরিক কোরো না। আর পিতা-মাতা, নিকটাত্মীয়, এতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী ও সঙ্গী-সাথিদের সঙ্গে সদ্ব্যবহার করো...’। (সুরা নিসা, আয়াত: ৩৬)
পারস্পরিক হক আদায় ও মানুষের দুঃখে পাশে দাঁড়ানো ছাড়া ইমানের সৌন্দর্য পূর্ণতা পায় না।
যেকোনো কাজের গ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়তের ওপর। লোকদেখানো আমল বা সামাজিক সুনাম অর্জনের বাসনা কর্মের ফল নষ্ট করে দেয়।
আল্লাহ–তাআলা বলেন, ‘তাদের কেবল এই আদেশ দেওয়া হয়েছিল যে তারা যেন খাঁটি মনে একমাত্র আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টির জন্য তাঁর ইবাদত করে।’ (সুরা বাইয়্যিনাহ, আয়াত: ৫)
বিনম্রভাবে অহংকারমুক্ত জীবনযাপন করাই মুমিনের পরিচয়।
আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান করো; তবে দুনিয়া থেকে তোমার বৈধ প্রাপ্যটুকুও ভুলে যেয়ো না।সুরা আল-কাসাস, আয়াত: ৭৭
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়; তবে ভুলের পর অহংকারী না হয়ে অবিলম্বে রবের কাছে ফিরে আসাই ইমানের বৈশিষ্ট্য। কোরআন মানুষকে নিরাশার ঘোর থেকে বের করে এনে আশার আলো দেখায়।
বলা হয়েছে, ‘বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না; নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।’ (সুরা আজ-জুমার, আয়াত: ৫৩)
প্রতিদিনের তওবা অন্তরকে পাপের গ্লানি থেকে মুক্ত ও সতেজ রাখে।
কোরআন চরম ভোগবাদ কিংবা সংসারত্যাগী বৈরাগ্য—উভয়টিকেই বর্জন করতে বলে। সম্পদ ও দুনিয়াকে আখেরাতের পাথেয় অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহারের ভারসাম্যপূর্ণ পথ দেখায় কোরআন।
আল্লাহ বলেছেন, ‘আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান করো; তবে দুনিয়া থেকে তোমার বৈধ প্রাপ্যটুকুও ভুলে যেয়ো না।’ (সুরা আল-কাসাস, আয়াত: ৭৭)
প্রতিদিনের কর্মপরিকল্পনায়, পারিবারিক সম্পর্কে এবং সামাজিক আচরণে যদি এই শিক্ষাসমূহ প্রতিফলিত হয়, তবে তা ব্যক্তিজীবনকে মানসিক প্রশান্তি ও আত্মমর্যাদায় পূর্ণ করবে এবং একটি মানবিক ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখবে।