ফজরে উঠে একটানা কাজ, পড়াশোনা বা সংসারের দায়িত্ব সামলানোর পর বেলা দুইটা কিংবা তিনটার দিকে শরীর যেন আর চলতেই চায় না। শরীর ও ব্রেন—দুটোই তখন বিশ্রাম চায়। এমন সময় আমরা অনেকেই ভাবি, এক কাপ কড়া চা বা কফিই বুঝি এই ক্লান্তি দূর করার সবচেয়ে ভালো উপায়।
অথচ আমাদের প্রিয় রাসুল (সা.) এই পরিশ্রান্ত ভাব কাটানোর এমন একটি সহজ, স্বাস্থ্যকর ও প্রশান্তিকর অভ্যাস শিখিয়ে গেছেন, যা শরীরকে সতেজ করার পাশাপাশি ইবাদতের শক্তিও জোগায়। আরবিতে এই অভ্যাসের নাম কায়লুলা।
কায়লুলা মানে কী
আরবি ‘কায়লুলা’ শব্দের অর্থ হলো দুপুরের দিকে কিছু সময়ের জন্য বিশ্রাম নেওয়া।
অর্থাৎ কায়লুলা মানে দুপুরবেলার অল্প সময়ের বিশ্রাম বা হালকা ঘুম। দুপুরের কাজের ফাঁকে শরীর ও মনকে সতেজ করার জন্য মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের একখণ্ড বিশ্রাম বা হালকা ঘুমই হচ্ছে কায়লুলা।
একে আমরা অনেকে ভাতঘুম বলে থাকি।
তবে এটি শুধু ঘুমের নাম নয়; বরং শরীরকে আরাম দেওয়া ও শক্তি ফিরে পাওয়ার উদ্দেশ্যে স্বল্প সময়ের বিশ্রামও এর অন্তর্ভুক্ত। তাই ঘুম না এলেও কিছুক্ষণ শান্ত হয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলেও কায়লুলার উদ্দেশ্য পূরণ হবে।
কায়লুলা কেন জরুরি
কায়লুলা সবার জন্যই উপকারী একটি অভ্যাস। তবে যাঁদের দিনটা খুব ভোরে শুরু হয়, তাঁদের জন্য এটি আরও প্রয়োজনীয়।
১। মানুষের শরীরের স্বাভাবিক জৈবিক ঘড়ি অনুযায়ী, দুপুরের দিকে শরীরের স্বাভাবিক সতর্কতা ও শক্তির মাত্রা কিছুটা কমে আসে। তাই এ সময় আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই একধরনের ক্লান্তি ও অবসাদ নেমে আসে।
বিজ্ঞানের ভাষায় একে ‘পোস্ট–লাঞ্চ ডিপ’ বা দুপুরের স্বাভাবিক শারীরিক অবসাদ বলা হয়। এ সময় ১৫-২০ মিনিটের কায়লুলা ব্রেনকে সতেজ করতে ও কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।
তাই সারা দিন ঘরের কাজে খাটুনি করা মা, সকালে পড়াশোনায় ব্যস্ত শিক্ষার্থী কিংবা ফজরের পর থেকেই কর্মব্যস্ত মানুষ—সবার জন্যই দুপুরের এই ১৫ থেকে ৩০ মিনিটের কায়লুলা কোনো বিলাসিতা নয়, কোনো আলসেমিও নয়, বরং এটি শরীর ও মনের একটি স্বাভাবিক প্রয়োজন।
নিজের শরীরকে সুস্থ রাখা, কর্মক্ষম রাখা এবং ইবাদতের জন্য সতেজ রাখার একটি সুন্দর উপায়।
কায়লুলা যেভাবে দেহমন ভালো রাখে
• স্নায়ুর ক্লান্তি দূর করে।
• ভোর থেকে একটানা কাজ করার ফলে ব্রেন ও স্নায়ুতন্ত্র ক্লান্ত হয়ে পড়ে। কায়লুলা সেই ক্লান্ত ব্রেনকে কিছু সময়ের জন্য বিশ্রাম দিয়ে আবার নতুন উদ্যমে কাজ করার শক্তি জোগায়।
• বিকেলের অলসতা ও খিটখিটে ভাব কমায়।
• ফজরে ওঠা মানুষ বা ব্যস্ত মায়েরা বিকেলের দিকে ঝিমুনি, অবসাদ ও মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার অভিজ্ঞতার সঙ্গে পরিচিত। দুপুরের অল্প বিশ্রাম মনকে প্রফুল্ল রাখে, মেজাজ সতেজ করে এবং নতুন কর্মোদ্যম এনে দেয়।
• ইবাদতের শক্তি জোগায়।
• পরিশ্রমে ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যার পর ইবাদতে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। কায়লুলা শরীরকে ঝরঝরে করে তোলে, যা মাগরিব, এশা, তাহাজ্জুদ ও রাতের ইবাদতে একাগ্রতা অর্জনে সহায়তা করে।
এ কারণেই অনেক আলেম কায়লুলাকে শুধু শারীরিক বিশ্রাম নয়, বরং ইবাদতের প্রস্তুতিরও একটি মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন।
ইমাম ইবনুল কাইয়িম (রহ.) কায়লুলা সম্পর্কে যা বলেছেন, তার সারমর্ম হলো, ‘কায়লুলা শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে, ক্লান্তি দূর করতে এবং রাতের ইবাদত, বিশেষ করে তাহাজ্জুদের জন্য শরীরকে প্রস্তুত রাখতে সহায়তা করে।’
সুন্নতের আলোয় কায়লুলা
ইসলাম সুস্থতা ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কায়লুলা শুধু অলসতা কাটানোর কোনো মাধ্যম নয়, বরং এটি সাহাবিদের জীবনের পরিচিত একটি সুন্নত অভ্যাস।
আনাস ইবনে মালিক (রা.) বলেন, ‘সাহাবিরা জুমার দিন জুমার নামাজের আগে দুপুরের খাবার ও কায়লুলা করতেন না, বরং জুমার নামাজের পর তা করতেন।’ (সহিহ আল-বুখারি, হাদিস: ৯৩৯)
এ বিষয়ে আরও একটি বর্ণনায় এসেছে, ‘তোমরা কায়লুলা করো। কারণ, শয়তান কায়লুলা করে না।’ (আত-তাবারানি, আল-মুজামুল আওসাত)
ইমাম ইবনে রজব (রহ.) উল্লেখ করেছেন, ‘পূর্বেকার আলেমদের অনেকে কায়লুলাকে কিয়ামুল লাইল (রাতের নামাজ) সহায়ক একটি অভ্যাস হিসেবে গুরুত্ব দিতেন। কারণ, দিনের এই স্বল্প বিশ্রাম রাতের দীর্ঘ ইবাদতে মনোযোগ, কর্মশক্তি ও একাগ্রতা বজায় রাখতে সহায়ক হতে পারে।’
কায়লুলার সঠিক নিয়ম: কীভাবে করবেন
কায়লুলার নিয়ম খুবই সহজ। সর্বোচ্চ উপকার পেতে কয়েকটি বিষয় খেয়াল রাখা ভালো—
• সময়কাল: জোহরের নামাজের আগে বা পরে সুযোগ বুঝে মাত্র ১৫-৩০ মিনিটের জন্য কায়লুলা করুন। সাধারণভাবে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বেলা ৩টার মধ্যে এটি করা সুবিধাজনক।
এর বেশি সময় ঘুমালে অনেকের ক্ষেত্রে শরীর ভারী লাগতে পারে এবং ঘুম ভাঙার পর অলসতা অনুভূত হতে পারে। এ ছাড়া ঘুম বেশি হলে রাতে অনিদ্রা ও ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে।
• পরিবেশ: শান্ত, আরামদায়ক ও নিরিবিলি একটি স্থানে বিশ্রাম নিন। চাইলে আলো কিছুটা কমিয়ে এবং মুঠোফোন দূরে রেখে বিশ্রাম নিতে পারেন, যাতে শরীর ও মন দ্রুত শান্ত হয়।
• ঘুম না এলেও ক্ষতি নেই: ঘুম না এলেও কোনো সমস্যা নেই। শুধু শরীরটাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলেও শরীর ও মন অনেকটাই সতেজ হয়ে উঠতে পারে, ইনশা আল্লাহ।
ইসমত আরা: শিক্ষক ও লেখক
writerismat@gmail.com